ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাশিয়ার জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন ফ্যাবিও ক্যাপেলো। আগামী বুধবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন রাশিয়ার ফুটবল ইউনিয়নের (আরএফইউ) ভারপ্রাপ্ত সভাপতি নিকিতা সিমোনিয়ান।
শুক্রবার মস্কোয় পৌঁছান ক্যাপেলো। শনিবার মাঠে বসে রাশিয়ার প্রিমিয়ার লিগের একটি ম্যাচও দেখেন ইতালিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল কোচ।
রাশিয়ার সংবাদ মাধ্যমে শনিবার সিমোনিয়ান বলেন, “আজকের (শনিবার) ম্যাচ দেখার পর রুশ চ্যাম্পিয়ন জেনিতের খেলা দেখতে সেন্ট পিটারসবার্গে যাবেন ক্যাপেলো। বুধবার তিনি চুক্তিতে সাক্ষর করবেন এবং এরপর সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন।”
গত ফেব্র“য়ারিতে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৬৬ বছর বয়সী ক্যাপেলো। রাশিয়ায় নেদারল্যান্ডসের ডিক অ্যাডভোকাটের উত্তরসূরী হতে যাচ্ছেন তিনি। ইউরো ২০১২’র গ্র“প পর্ব থেকে রাশিয়ার বিদায়ের পর পদত্যাগ করেন অ্যাডভোকাট।
রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, বছরে এক কোটি ইউরোর বিনিময়ে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হবেন ক্যাপেলো। সাফল্য পেলে চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৬ঘ.
bdnews24