২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলপসের প্রতি লাতিনিনার শুভ কামনা

অলিম্পিকে রেকর্ড ১৮টি পদকের মালিক সাবেক সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনা। ১৬টি পদক জেতা যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু মাইকেল ফেলপসের সামনে এখন রেকর্ডটা ভেঙ্গে ফেলার হাতছানি। আরো অনেকের মতো লাতিনিনাও চাইছেন, গত অলিম্পিকে ৮টি সোনা জয়ী ফেলপসই ম্লান করে দিক তার কৃতিত্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অলিম্পিকে রেকর্ড ১৮টি পদকের মালিক সাবেক সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনা। ১৬টি পদক জেতা যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু মাইকেল ফেলপসের সামনে এখন রেকর্ডটা ভেঙ্গে ফেলার হাতছানি। আরো অনেকের মতো লাতিনিনাও চাইছেন, গত অলিম্পিকে ৮টি সোনা জয়ী ফেলপসই ম্লান করে দিক তার কৃতিত্ব। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে ৭৭ বছর বয়সী লাতিনিনা বলেন, “আমি একটুও মন খারাপ করবো না যদি সে (ফেলপস) এটা (রেকর্ড ভাঙ্গা) করতে পারে। সবাই জানে রেকর্ড গড়াই হয় ভাঙ্গার জন্য। সে চ্যাম্পিয়ন অ্যাথলেট এবং চমৎকার তরুণ।” “আমি শুধু তার মঙ্গল চাই। আমি তার প্রতিভার একজন বিশাল অনুরাগী। তার সাঁতার আমি খুবই উপভোগ করি,” যোগ করেন তিনি। ১৯৫৬’র মেলবোর্ন, ১৯৬০’র রোম এবং ১৯৬৪’র টোকিও অলিম্পিকে অংশ নেয়া লাতিনিনার ১৮টি পদকের মধ্যে ৯টি সোনা ছিলো। সেসব সুখকর দিনের কথা মনে করে তিনি বলেন, “আমার সব কিছুই মনে আছে। প্রতিটি অলিম্পিকই ছিলো অসাধারণ অভিজ্ঞতা, প্রতিটিকেই মনে রাখার মতো নিজস্ব কারণ আছে।” ২০০৪-এর এথেন্স এবং চার বছর আগের বেইজিং অলিম্পিকে অংশ নেয়া ফেলপসের ১৬টি পদকের মধ্যে ১৪টিই সোনা! বেইজিংয়ে ৮টি ইভেন্টে অংশ নিয়ে ৮টিতেই সোনা জিতে স্বদেশের সাঁতার-কিংবদন্তি মার্ক স্পিৎজের এক অলিম্পিকে ৭টি সোনা জয়ের রেকর্ড ভেঙ্গে দিয়েছিলেন তিনি। ১৯৭২’র মিউনিখ অলিম্পিকে রেকর্ডটা গড়েছিলেন স্পিৎজ। লন্ডনে ৭টি ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন ফেলপস। অর্থাৎ লাতিনিনার রেকর্ড ভেঙ্গে যাওয়া প্রায় নিশ্চিত। লাতিনিনার নিজেও এ ব্যাপারে নিশ্চিত। তিনি বলেন, “আমার এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরই মধ্যে সে ১৬টি পদক জিতেছে। লন্ডনে তার অন্তত আরো ৩টি পদক জেতাই উচিত।” আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের অতিথি হিসেবে লন্ডন অলিম্পিকে উপস্থিত থাকবেন বলে ফেলপসের কীর্তি সাক্ষীও হয়ে যেতে পারেন লাতিনিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১২ঘ.