ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিপুল অর্থের হাতছানি নয়, বরং একদমই অপরিচিত একটি দেশে খেলার কঠিন পরীক্ষাই চীনে যেতে উদ্বুদ্ধ করেছে বলে জানিয়েছেন দিদিয়ের দ্রগবা।
চেলসির চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়ককে স্বাগত জানাতে শনিবার সাংহাই বিমানবন্দরে তিন শ’র ওপরে ভক্ত উপস্থিত ছিলেন।
চীনের সুপার লিগের দল সাংহাই শেনহুয়ার সঙ্গে আড়াই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আইভরি কোস্টের এই তারকা স্ট্রাইকার।
চীনে পৌঁছানোর পর দ্রগবা বলেন, “আমি জানি চীন খেলাধূলার জগতে খুব বড় একটি দেশ। আমার জন্যও এটা বড় পরীক্ষা। ইউরোপেই থেকে যাওয়া এবং সেখানকার কোনো ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য অনেক সহজ হতো।”
“তবে সত্যি বলতে কি, আমি এখানে টাকার জন্য আসিনি। আমার আসার কারণ, এখানে আমাকে ইউরোপের থেকে একেবারেই ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে,” যোগ করেন দ্রগবা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৫ঘ.
bdnews24