২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকের জন্য প্রস্তুত আসাফা পাওয়েল

চোট আক্রান্ত কুঁচকিকে বিশ্রাম দেয়ার জন্য গত সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্সে অংশ নেননি আসাফা পাওয়েল। তবে শুক্রবার জ্যামাইকার এই তারকা দৌড়বিদ জানিয়েছেন, তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই এবং লন্ডন অলিম্পিকের জন্যও তিনি প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট আক্রান্ত কুঁচকিকে বিশ্রাম দেয়ার জন্য গত সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্সে অংশ নেননি আসাফা পাওয়েল। তবে শুক্রবার জ্যামাইকার এই তারকা দৌড়বিদ জানিয়েছেন, তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই এবং লন্ডন অলিম্পিকের জন্যও তিনি প্রস্তুত। পাওয়েল বলেন, “আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে, অলিম্পিক গেমসের জন্য আমি প্রস্তুত। আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না। অগাস্টের মধ্যেই আমি প্রস্তুত হয়ে যাব।” “অলিম্পিক বাছাইয়ের সময় থেকেই কুঁচকিতে খানিকটা ব্যথা অনুভব করছি। তাই শতভাগ প্রচেষ্টা দিয়ে অনুশীলন করতে পারছি না,” যোগ করেন বিশ্বের সাবেক দ্রুততম মানব। দুই সপ্তাহ আগে জ্যামাইকার অলিম্পিক বাছাইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইয়োহান ব্লেক ও বিশ্ব রেকর্ডের মালিক উসাইন বোল্টের পেছনে থেকে ১০০ মিটার শেষ করেন পাওয়েল। গত বছর কুঁচকির চোটের জন্যই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি অংশ নিতে পারেননি। অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার শুরু হবে ৪ অগাস্ট। পর দিনই ফাইনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩১৫ঘ.