ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মশাল জ্বালিয়ে অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন কাকে দিয়ে করা হবে, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া হয়নি। অনেকেরই ধারণা সম্মানটা পেতে যাচ্ছেন ডেভিড বেকহাম। তবে স্বয়ং বেকহামের অভিমত, সম্মানটা পাওয়া উচিত যুক্তরাজ্যের কোনো অলিম্পিক সোনা বিজয়ীর।
আগামী ২৭ জুলাই লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের শিখা প্রজ্বালন প্রসঙ্গে বেকহাম বলেন, “আমি সব সময়ই বলেছি, স্টেডিয়ামের মশাল প্রজ্বালন এমনই এক সম্মান যা একজন অলিম্পিয়ানের পাওয়া উচিত। বিশেষ করে যিনি আমাদের দেশের জন্য অসাধারণ কিছু করেছেন এবং সোনা জিতেছেন।”
এই সম্মান থেকে নিজেকে বঞ্চিত করার অভিপ্রায় জানিয়ে ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক যেন যুক্তরাজ্যের অলিম্পিক দলে সুযোগ না পাওয়ারই জবাব দিলেন।
গোলরক্ষকের হিসেব বাদে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বেকহাম ২০০৯ সালের পর জাতীয় দলে খেলার সুযোগ পাননি।
তবে একজন অলিম্পিক-দূত হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে তিনি সচেতন। এ প্রসঙ্গে বেকহাম বলেন, “অলিম্পিকের জন্য যতটা সম্ভব আত্মনিবেদন করবো আমি। এটা হতে যাচ্ছে আমার জীবনের দারুণ সম্মানজনক সময়।”
“প্রত্যেকেই জানেন দেশের প্রতিনিধিত্ব করতে আমি কতটা গর্ববোধ করি। আর সেটা যদি হয় আমার শহরে এবং এত বড় একটা মঞ্চে, তাহলে তো কথাই নেই। (অলিম্পিক দলে জায়গা না পেয়ে) আমি অবশ্যই হতাশ। কিন্তু জীবন কারো জন্য থেমে থাকে না,” যোগ করেন ফ্যাশন-সচেতন এই তারকা ফুটবলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৩২ঘ.
bdnews24