২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা নিয়ে বিশৃঙ্খলায় বিব্রত যুক্তরাজ্য

লন্ডন অলিম্পিকের নিরাপত্তার জন্য আরো প্রায় সাড়ে তিন হাজার অতিরিক্ত সেনা মোতায়েনে বাধ্য হতে পারে যুক্তরাজ্য। শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত বিশৃঙ্খলা দেখা দেয়ায় দেশটির সরকার বিব্রত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 05:42 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিকের নিরাপত্তার জন্য আরো প্রায় সাড়ে তিন হাজার অতিরিক্ত সেনা মোতায়েনে বাধ্য হতে পারে যুক্তরাজ্য। শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত বিশৃঙ্খলা দেখা দেয়ায় দেশটির সরকার বিব্রত। যুক্তরাজ্যের সংসদেও উত্তাপ ছড়িয়েছে বিষয়টি। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতাটি শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। অলিম্পিক ভেন্যুতে নিরাপত্তার জন্য ২৩,৭০০ জন নিরাপত্তারক্ষী নিযুক্ত থাকার কথা। এরই মধ্যে সামরিক বাহিনীর ১৩,৫০০ সদস্যকে এর জন্য নির্বাচন করা হয়েছে। কিন্তু অতিরিক্ত আরো সৈন্য প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সরকার। কারণ বিশ্বের সবচেয়ে বড় নিরাপত্তারক্ষী যোগানদাতা প্রতিষ্ঠান জিফোরএস জানিয়েছে, তারা ১০,৪০০ নিরাপত্তারক্ষীর যোগান দিতে সক্ষম না-ও হতে পারে। যুক্তরাজ্য সরকারের সঙ্গে ২ কোটি ৮৪ লাখ পাউন্ডের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছিলো প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী থেরেসা মে অবশ্য সংসদে জানিয়েছেন, “আমি আবারো বলছি, অলিম্পিকের নিরাপত্তা নিয়ে আপোস করার কোনো প্রশ্নই ওঠে না।” আরো সাড়ে তিন হাজার যোগ দিলে নিরাপত্তায় নিযুক্ত সর্বমোট সৈন্য-সংখ্যা দাঁড়াবে ১৭ হাজার। সোমবার অলিম্পিক ভিলেজের দরজা খোলা হবে। অলিম্পিকের প্রস্তুতির জন্য ৯০০ কোটি পাউন্ড খরচ করেছে যুক্তরাজ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৪০ঘ.