ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজ পর্যন্ত অলিম্পিকে কোনো নারী ক্রীড়াবিদকে অংশ নেয়ার অনুমতি দেয়নি সৌদি আরব। তবে মধ্যপ্রাচ্যের দেশটি এবারের অলিম্পিকে নারী ক্রীড়াবিদ পাঠাতে আগ্রহের কথা জানিয়েছে।
সৌদি ক্রীড়াঙ্গনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, “আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বা কোনো দেশের অলিম্পিক কমিটির কাছ থেকে আমন্ত্রণ পেলে সৌদি আরব নারী ক্রীড়াবিদদের অলিম্পিকে অংশ নেয়ার অনুমতি দেবে।”
“কোন্-কোন্ নারী ক্রীড়াবিদকে বা কোন্ খেলার ক্রীড়াবিদকে আমন্ত্রণ জানানো হবে, সে ব্যাপারে আইওসি ও সৌদি অলিম্পিক কমিটিকে নিয়ে গড়া একটি যৌথ কমিটি আলোচনা করতে পারে। যদিও এখনো এ সংক্রান্ত কোনো আমন্ত্রণ আসেনি,” যোগ করেন তিনি।
অলিম্পিকে এখনো কোনো নারী ক্রীড়াবিদ না পাঠানোয় মানবাধিকার সংস্থাগুলো অনেক দিন ধরেই সৌদি আরবের সমালোচনায় মুখর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৪২ঘ.
bdnews24