২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপ আয়োজনের উদ্যোগ

অনেক দিন পর কোটি টাকার টুর্নামেন্ট সুপার কাপ আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন পর কোটি টাকার টুর্নামেন্ট সুপার কাপ আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে। সদ্য সমাপ্ত ফুটবল-মৌসুমে দুটির বেশি টুর্নামেন্ট হতে পারেনি। ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করেই যেন তৃপ্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। অথচ বর্ষপঞ্জিতে রেখেও সুপার কাপের মতো জনপ্রিয় টুর্নামেন্ট এবং স্বাধীনতা কাপ আয়োজন করতে পারেননি তারা। তবে এবার আর তা হবে না। যেভাবেই হোক সুপার কাপ আয়োজনের কথা জানিয়েছেন পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি জানান, “শুধু আয়োজনের জন্য আয়োজন নয়, এবার সুপার কাপ হবে নতুন আঙ্গিকে। সে পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি।” “সুপার কাপ সাধারণত দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোকে নিয়ে আয়োজন করা হয়। তবে এবার কয়েকটি বিদেশী ক্লাবকে নিয়ে সুপার কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের,” যোগ করেন সালাম। ‘কেন বিদেশী ক্লাব আনা হচ্ছে?’ এই প্রশ্নের উত্তরে পেশাদার লিগ কমিটির সভাপতি বলেন, “বিদেশী ক্লাব আনার মূল কারণ আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই টুর্নামেন্টকে পরিচয় করিয়ে দেয়া। আর টুর্নামেন্টকে আরো জমজমাট করা।” “অবশ্য কোন্-কোন্ দেশ থেকে আনা হবে তা এখনও ঠিক হয়নি। এ ব্যাপারে আলোচনা চলছে। আমরা বিভিন্ন দেশের জনপ্রিয় ক্লাবগুলোকে আমন্ত্রণ জানাবো। তাদের কাছ থেকে সাড়া পাওয়ার পরই সিদ্ধান্ত নেয়া হবে, ” যোগ করেন বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি। এর আগে ঘোষণা দিয়েও নিয়মিত সুপার কাপ আয়োজন করতে পারেনি বাফুফের সাবেক কমিটি। তাদের চার বছরের মেয়াদে মাত্র দুবার এই টুর্নামেন্ট হয়েছিলো। ২০০৮ সালে প্রথম আসরে মোহামেডান আর ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়েছিলো আবাহনী। যদিও বিজয়ীদের জন্য কোটি টাকার পুরস্কারের কারণে ফুটবলাঙ্গনে ভীষণ সাড়া ফেলেছিলো সুপার কাপ। দর্শকদের মধ্যে জনপ্রিয়ও হয়ে উঠেছিলো। কিন্তু অনিয়মিত হয়ে পড়ায় ফুটবলপ্রেমীরা এই টুর্নামেন্ট নিয়ে দিন-দিন আগ্রহ হারিয়ে ফেলছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১১ঘ.