২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাবধানতাকেই দায়ী করলেন লউ

নিজেদের অসাবধানতাই ইউরোর সেমিফাইনালে ইতালির কাছে হারের জন্য দায়ী বলে মনে করেন জার্মানির কোচ জোয়াকিম লউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের অসাবধানতাই ইউরোর সেমিফাইনালে ইতালির কাছে হারের জন্য দায়ী বলে মনে করেন জার্মানির কোচ জোয়াকিম লউ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “আমরা দুবার অসাবধান হয়েছি আর দুবারই সেজন্য মূল্য দিতে হয়েছে। একটি ভালো দলের বিপক্ষে এরপর ম্যাচে ফেরা খুব কঠিন।” “এমন একটি ক্রস থেকে আমরা প্রথম গোল খেয়েছি যেটা হওয়া একদমই উচিৎ হয়নি। আমরা মনযোগ হারিয়ে ফেলেছিলাম। এরপর লম্বা পাস থেকে অন্য গোলটি খাই। অথচ তখন ভালো ভাবেই ফাঁকা জায়গাটা বন্ধ করা উচিৎ ছিল,” যোগ করেন জার্মানির হতাশ কোচ। কোচের সঙ্গে সুর মিলিয়ে অধিনায়ক ফিলিপ ল্যাম বলেন, “আমরা বোকার মতো কিছু ভুল করেছি। আমাদের ওভাবে গোল খাওয়া ঠিক হয়নি। ইতালির বিপক্ষে পিছিয়ে পড়ার পর ফিরে আসা খুবই কঠিন।” অন্যদিকে ফাইনালে উঠলেও নিজের দলের খেলা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ইতালির অধিনায়ক জিয়ানলুইজি বুফন। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক বলেন, “আমি ভীষণ উৎকণ্ঠা নিয়ে শেষ বাঁশির জন্য অপেক্ষা করছিলাম। দলের ওপর আমার খুব রাগ হচ্ছিলো। শেষ পাঁচ মিনিট আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম সেটা চাইলেই এড়ানো যেত।” “জার্মানির বিপক্ষে ৭টি সুযোগ পেলে আপনাকে ৭টি গোলই করতে হবে। নির্ধারিত সময়ে তারা ২-২ করতে পারলে অতিরিক্ত সময়ে আমাদের ১০-২ গোলে হারিয়ে দিত,” যোগ করেন বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে ইতালিকে ফাইনালের পথে এগিয়ে দেয়া বুফন। ইতালির কোচ সিজার প্রানদেল্লিও স্বীকার করেছেন, শেষ দিকে তার দল মোটেও ভালো খেলেনি। এর কারণ সম্পর্কে তিনি বলেন, “শেষ ১০ মিনিট আমরা খুবই ক্লান্ত ছিলাম। কারণ মাত্র চার দিন আগে আমরা ১২০ মিনিটের ম্যাচ খেলেছি। তাছাড়া মাঠও ভারী ছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৩৯ঘ.