ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র সতের দিন আগে রেকর্ড সপ্তমবারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছেন। অথচ উইম্বডলনের দ্বিতীয় রাউন্ড থেকেই কিনা বিদায় নিলেন রাফায়েল নাদাল! বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের লুকাস রোসোলের কাছে ৬-৭, ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪ গেমে হেরে যান তিনি।
অল ইংল্যান্ড ক্লাবের ১৩৫ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় অঘটন। কারণ ২০০৯ সাল বাদে (সেবার ইনজুরির কারণে খেলতে পারেননি) উইম্বলডনের সর্বশেষ পাঁচটি আসরের ফাইনালে খেলা নাদাল চ্যাম্পিয়ন হয়েছেন দুবার। এছাড়া সর্বশেষ চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালিস্টও তিনি।
প্রথমবারের মতো উইম্বলডন খেলতে নামা র্যাংকিংয়ের ১০০ নম্বর খেলোয়াড় রোসোলের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়।
দীর্ঘ পাঁচ সেটের লড়াইয়ে বেজলাইন ঘেঁষা রোসোলের বিশাল বিশাল সার্ভের সামনে অনেকটা অসহায় ছিলেন নাদাল। আক্রমণাত্মক গ্রাউন্ডস্ট্রোক নিচ্ছিলেন রোসোল, নাদালের খেলা ছিলো রক্ষণাত্মক।
২০০৫ সালের পর এই প্রথম কোনা গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা থেকে এতো দ্রুত বিদায় নিলেন নাদাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৪৫৫ ঘ.
bdnews24