২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালোতেল্লির জোড়া গোলে ফাইনালে ইতালি

রোববার ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত লড়াইয়ে ইতালির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 02:39 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারিও বালোতেল্লির অসাধারণ দুটি গোল, আর গোলপোস্ট রক্ষায় দারুণ জিয়ানলুইজি বুফন। এই দুইয়ের যোগফলে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে ইতালি। রোববার চূড়ান্ত লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ফুটবলের বড় কোনো আসরে এ পর্যন্ত ইতালিকে হারাতে পারেনি জার্মানরা। বৃহস্পতিবার ওয়ারশ’র স্তাদিওন নারোদোউইতেও পারল না। ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ইতালির জয় হয়েছে ২-১ ব্যবধানে। ম্যাচের শুরু থেকে দৃষ্টি নন্দন ফুটবল খেলতে থাকে দুই দলই। বল দখলের লড়াই ও আক্রমণে প্রতিপক্ষের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণাত্মক ফুটবলই খেলছিল সিজার প্রাণদেল্লির দল। আর বালোতেল্লি জার্মানির রক্ষণে ভীতি ছড়াচ্ছিলেন। ইতালির রক্ষণের পরীক্ষা নিচ্ছিল জার্মানিও। দুই দলই মাঝমাঠ দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টায় ছিল। ১৮ মিনিটে ইতালির স্ট্রাইকার ক্যাসানোর হেড উড়ে এসে ধরে ফেলেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়ের। তবে তার দুই মিনিট পরই ইতালিকে এগিয়ে নেন বালোতেল্লি। মাঝমাঠ থেকে বাঁ-প্রান্ত দিয়ে ডিফেন্ডার চিয়েল্লিনি বল দেন মিডফিল্ডার আন্দ্রিয়া পির্লোকে। সেখান থেকে বল কাসানোর পায়ে। অরক্ষিত বালোতেল্লির দিকে কাসানোর মাপা ক্রস। নয়ের কিছু বুঝে ওঠার আগেই হেড থেকে লক্ষ্যভেদ বালোতেল্লির। এরপর একের পর এক আক্রমণ শানাতে থাকে জার্মানি। কিন্তু বারবারই তা থমকে যাচ্ছিল প্রতিপক্ষের জমাট রক্ষণে। বরং ফাঁকে ফাঁকে ইতালির আক্রমণগুলোতে অনেক বেশি পরিকল্পনার ছাপ দেখা গেছে। ৩৪ মিনিটে গোলপোস্ট লক্ষ্য করে স্যামি খেদিরার দুর্দান্ত ভলি ঘুষি মেরে ফিরিয়ে দিয়ে দলকে প্রায় নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেন বুফন। ওই বল ধরে ডান প্রান্ত দিয়ে খেলা উঠে আসে মাঝমাঠে। জার্মানির ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান চিয়েল্লিনি; দেন রিকার্ডো মন্টোলিভোকে। লম্বা পাসে বল পাঠান বালোতেল্লির দিকে। জার্মান অধিনায়ক ফিলিপ লাম থাকায় অফসাইডের ফাঁদ থেকে বেঁচে যান ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার বালোতেল্লি। বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রচণ্ড বেগে ঢুকে পড়েন প্রতিপক্ষের রক্ষণে। সামনে শুধু নয়ের। ডি বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া তার শট ক্রসবার ঘেঁষে জালে জড়ায়। দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নিয়ে বুনো উল্লাসে জার্সি খুলে ফেলেন বালোতেল্লি। হালুদ কার্ডের শাস্তি তার সেই আনন্দের কাছে যেন কিছুই না। খ্যাপাটে স্বভাবের জন্য বার বার আলোচনায় আসা বালোতেল্লি এই গোলে বুঝিয়ে দিয়েছেন স্ট্রাইকার হিসাবে তার অবস্থান কোথায়। প্রথমার্ধে জার্মানি আরো বেশ কয়েকবার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিষ্প্রভ মারিও গোমেজকে তুলে মিরোস্লাভ ক্লোসাকে মাঠে নামান জার্মানির কোচ জোয়াকিম লউ। তাতে আক্রমণের ধার কিছুটা বাড়ে। ৫৩ মিনিটে বল নিয়ে বিপদজনকভাবে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েন ক্লোসা। কর্নারের বিনিময়ে কোনো মতে ওই বল ক্লিয়ার করেন ইতালি ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। ৬১ মিনিটে গোলে আরো একটি দারুণ সুযোগ পায় জার্মানি। বদলি খেলোয়াড় মার্কো রুসের ফ্রি-কিকের বল ইতালির দেয়ালকে ফাঁকি দিয়ে ঢুকে যাচ্ছিল জালে। বুফন লাফিয়ে উঠে দু হাত দিয়ে কোনো রকমে বল তুলে দেন গোলপোস্টের ওপর দিয়ে। গোলের জন্য জার্মানির মরিয়া চেষ্টায় এই অর্ধের বেশিরভাগ সময়ে বল ঘোরাফেরা করছে ইতালির প্রান্তে। তবে ইতালিও কাউন্টার অ্যাটাকে উঠছে। ৬৭ মিনিটে তেমনি এক আক্রমণে নয়েরকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বদলি খেলোয়াড় আলেসান্দ্রো দিয়েমন্তি। আর অফসাইডের কারণে দুবার থেমে যেতে হয় ক্লাউদিও ম্যাকিসিওকে। ইনজুরি সময়ের প্রথম মিনিটে ইতালির বক্সে জটলার মধ্যে ক্লোসার সঙ্গে বল দখলের লড়াইয়ে নামেন ডিফেন্ডার বালজারাতি। কিন্তু বল তার হাত ছুঁলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তাতে গোল করেন মেসুত ওজিল। বাকি আড়াই মিনিটে নয়েরকেও প্রতিপক্ষের বক্সে দেখা যায়। কিন্তু ইতালির সঙ্গে বার বার পরাজয়ের ইতিহাস বদলে দিতে পারেনি জার্মানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/জেকে/০৮৩৯ ঘ.