ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত সময়েও গোল না আসায় খেলা যখন টাইব্রেকারে গড়াল, কি যেন ভেবে সবার শেষে শট নেওয়ার পরিকল্পনা আঁটলেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সেই শট নেওয়ার সুযোগই তার আর হয়নি।
বুধবার ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পর্তুগালকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
ডনবাস অ্যারেনায় বল দখলের লড়াইয়ে শুরু থেকেই স্পেন এগিয়ে থাকলেও প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণে উঠেছে পর্তুগাল।
৮ মিনিটে প্রথম আক্রমণে যায় স্পেন। নেগ্রেদোর কাছ থেকে বল পান ইনিয়েস্তা, দেন আরবেলয়াকে। কিন্তু গোলপোস্টের ওপর দিয়ে মারেন এই ডিফেন্ডার।
১৩ মিনিটে নিজেদের প্রথম আক্রমণে প্রায় সফল হয়ে যাচ্ছিল পর্তুগাল। মাঝ মাঠ থেকে বল নিয়ে দৌঁড়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন ন্যানি।
শুরু থেকেই মাঝমাঠ দখলে রেখে খেলার চেষ্টা করছিল দু’দল। আক্রমণও হচ্ছিল, কিন্তু ফল আসছিল না। ২৯ মিনিটে স্পেনের একটি সম্মিলিত আক্রমণের বল ক্রসবারের উপর দিয়ে মারেন ইনিয়েস্তা।
দুই মিনিট পর আক্রমণে ওঠে পর্তুগাল। মউটিনহো কাছ থেকে বল পান পেরেইরা। সেখান থেকে রোনালদো। কিন্তু রিয়াল মাদ্রিদ তারকার শট সাইডবার ঘেঁষে বেরিয়ে যায়।
বিরতির পর প্রথমার্ধের রেশই যেন চলতে থাকে খেলায়। তবে আক্রমণের চেয়ে এই অর্ধে ফাউল করতেই যেন বেশি ব্যস্ত হয়ে ওঠেন দুই দলের খেলোয়াড়রা। এ কারণে ছয়বার হলুদ কার্ড বের করতে হয় রেফারিকে।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাচের সেরা সুযোগটি পেয়েছিলেন রোনালদো। জাবি আলোনসোর দুর্বল ফ্রি-কিকের বল ধরে কাউন্টার আক্রমণে ওঠে পর্তুগাল। মেইরেলেসের ঠেলে দেওয়া বল স্পেনের বক্সের সামান্য বাইরে পেয়ে যান রোনালদো। সামনে শুধু ক্যাসিয়াস। কিন্তু বলের ওপর নিয়ন্ত্রণ না থাকায় ক্রসবারের ওপর দিয়ে চলে যায় তার শট।
খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা। ১০৩ মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচান পর্তুগাল গোলরক্ষক রুই প্যাটরিকিও। পেদ্রোর কাছ থেকে একদম গোলমুখে বল পেয়ে যান ইনিয়েস্তা। কিন্তু তার ভলি আটকে দেন প্যাটরিকিও।
তার নৈপুণ্যে ১১১ মিনিটে আবারো বেঁচে যায় পর্তুগাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
প্রথম শট নিতে আসেন কোয়োর্টার ফাইনালে স্পেনের জয়ের নায়ক জাবি আলোনসো। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে তার বল আটকে দেন প্যাটরিকিও। অন্যদিকে পর্তুগালের হয়ে জোয়াও মউটিনহোর নেওয়া প্রথম শট আটকে দেন ইকার ক্যাসিয়াস।
আন্দ্রেস ইনিয়েস্তার গোলে এগিয়ে যায় স্পেন। পেপে গোল করলে সমতায় ফেরে পর্তুগাল।
জেরার্ড পিকের গোলে আবারো এগিয়ে যায় স্পেন। পর্তুগালের হয়ে তৃতীয় শট নিতে আসেন ব্রুন আলভেস। হঠাৎ করেই থেমে যান আলভেস। শট নেন ন্যানি। ক্রসবার ঘেঁসে বল জালে জড়িয়ে যায়। ২-২ সমতা।
সার্জিও রামোস স্পেনের হয়ে তৃতীয় গোলটি করেন। আবারো শট নিতে আসেন আলভেস। সম্ভবত মনসংযোগে চিড় ধরেছিল তার। ক্রসবারে আটকে যায় তার শট। পিছিয়ে যায় পর্তুগাল।
পঞ্চম শটে গোল করতে পারলেই ফুটবলের বড় কোনো আসরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে যাবে স্পেন- এমনই এক মুহূর্তে শট নিতে আসেন সেস ফ্যাব্রেগাস। স্প্যানিশ সমর্থকদের উল্লাসে মাতিয়ে ডান দিকের সাইড বারে লেগে জালে জড়ায় বল।
শেষ শট নেওয়ার অপেক্ষায় থাকা রোনালদোর চোখের সামনেই শেষ হয়ে যায় পর্তুগালের ইউরো স্বপ্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/জেকে/০৯১০ ঘ.
bdnews24