২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির অনুপ্রেরণা ইতিহাস, জার্মানির সা¤প্রতিক নৈপুণ্য

বৃহস্পতিবার ইউরো-২০১২’র দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও ইতালি। ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তির লড়াইয়ে বিশেষজ্ঞদের দৃষ্টিতে কিছুটা হলেও এগিয়ে আছে জার্মানি। কারণ একটাই-এবারের ইউরোতে তাদের নৈপুণ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার ইউরো-২০১২’র দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও ইতালি। ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তির লড়াইয়ে বিশেষজ্ঞদের দৃষ্টিতে কিছুটা হলেও এগিয়ে আছে জার্মানি। কারণ একটাই-এবারের ইউরোতে তাদের নৈপুণ্য। রেকর্ড তিন বার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিন বার বিশ্বকাপও জিতেছে জার্মানি। কিন্তু বিস্ময়করভাবে ফুটবলের দুই সেরা আসরে তারা কখনোই ইতালিকে হারাতে পারেনি! বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ৭ বারের মুখোমুখি লড়াইয়ে ইতালি জিতেছে তিন বার। বাকি চারটি ড্র। এবার কি ইতিহাস পাল্টে দিতে পারবে জোয়াকিম লউ এর দল? ১৯৭০ ও ২০০৬ বিশ্বকাপে ইতালির কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিলো জার্মানিকে। ১৯৮২ বিশ্বকাপের ফাইনালেও ইতালির কাছে হার মেনেছিলো তারা। ’৭০ বিশ্বকাপের জার্মানি-ইতালির ম্যাচটি তো ফুটবল-ইতিহাসের অন্যতম সেরা লড়াইয়ের মর্যাদায় অধিষ্ঠিত। তবে ২০০৬ সালের সেমিফাইনালটির মাহাত্ম্যও কম নয়। বিশেষ করে ইতালির জন্য। সেবার ঘরোয়া ফুটবলে ম্যাচ পাতানোর কলঙ্ক মাথায় নিয়ে বিশ্বকাপে গিয়েছিলো ইতালি। ঘরের মাঠে ওই সেমিফাইনালে স্পষ্টত ফেভারিট ছিলো জার্মানি। কিন্তু অতিরিক্ত সময়ের দুই গোলে ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে নেয় ইতালি। এবং ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা নিয়েই বাড়ি ফেরে তারা। এবারের পরিস্থিতিও অনেকটা একই রকম। ইতালির ঘরোয়া ফুটবল আবার ম্যাচ পাতানোর কালিমায় কলঙ্কিত। গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। অন্যদিকে এবারের ইউরোতে একমাত্র দল হিসেবে টানা চার ম্যাচ জিতে জার্মানি যেন আকাশে উড়ছে। ফুটবলের বড় আসরে টানা ১৫টি ম্যাচে জয়ের কৃতিত্বও এখন তাদের অধিকারে। বৃহস্পতিবার তাই বেকেনবাওয়ার-জার্ড মুলারদের উত্তরসূরীদের এগিয়ে না রেখে উপায় নেই। ইতালির মিডফিল্ডার আন্দ্রিয়া পির্লো অবশ্য মনে করেন ইতিহাসই তার দলকে অনুপ্রেরণা যোগাবে। তিনি বলেন, “অবশ্যই জার্মানি আমাদের ভয় পাচ্ছে। তারা জানে আমরা তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারি। অতীতেও এমন ঘটনা ঘটেছে। তবে ২০০৬ সালের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য তারা খুবই সতর্ক থাকবে।” অন্যদিকে জার্মানির স্ট্রাইকার লুকাস পোড্লস্কির দাবি, ছয় বছর আগের বিশ্বকাপের চেয়ে জার্মানির বর্তমান দলটি অনেক ভালো। তিনি বলেন, “২০০৬ সালের থেকে আমাদের অনেক উন্নতি হয়েছে। আমরা এখন সম্পূর্ণ ভিন্ন কৌশলে খেলি এবং এই দলটিও আলাদা। ইতালীয়রাও এটা খুব ভালো করে জানে।” বৃহস্পতিবার জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন পির্লোই। কোয়ার্টার ফাইনালে এই মিডফিল্ডারের বুদ্ধিদীপ্ত ফুটবল বার-বার সমস্যায় ফেলেছে ইংল্যান্ডকে। টাইব্রেকারেও এক সময় পিছিয়ে পড়া ইতালিকে জয়ের পথে এগিয়ে নিয়েছে পির্লোর চমক জাগানো শট। ইতালির কোচ সিজার প্রাণদেল্লি বলেন, “টাইব্রেকারে পিরলোর শটটি এমনকি আমাকেও অবাক করে দিয়েছিলো। পরে সে আমাকে জানায় ইংল্যান্ডকে চাপে ফেলার জন্যই অমন শট নিয়েছিলো। তখন আমি বুঝতে পারি তার মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়ের কাছ থেকে সবসময়ই কিছু না কিছু শেখার থাকে।” প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে ৩০ বার মুখোমুখি হয়েছিলো দুদল। এর মধ্যে ইতালি জিতেছে ১৪ বার, জার্মানি ৭ বার, বাকি ৯ ম্যাচ ড্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫২ঘ.