ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনে আবারো ব্যর্থ ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসার। বুধবার দ্বিতীয় রাউন্ডে র্যাংকিংয়ের ৭২ নম্বর খেলোয়াড় নেদারল্যান্ডসের আরানজা রুসের কাছে ৬-২, ০-৬, ৬-৪ গেমে হেরে যান তিনি।
এর আগে ২০১০ ও ২০১১ সালে প্রতিযোগিতাটির প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই টেনিস তারকা। অল ইংল্যান্ড ক্লাবে দশবারের চেষ্টায় ২০০৯ সালে সর্বোচ্চ তৃতীয় রাউন্ডে পৌঁছাতে পেরেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার জন্য দিনটি দুঃখের হলেও দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের জেমি হ্যাম্পটনকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে বৃটেনের জন্য সুখবর বয়ে এনেছেন হেদার ওয়াটসন। প্রায় এক দশক পর উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন বৃটেনের কোনো মেয়ে।
২০০২ সালে সর্বশেষ তৃতীয় রাউন্ডে খেলেছিলেন যুক্তরাজ্যের মেয়ে এলেনা বালতাচা।
এদিন জিতেছেন ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারও। ইতালির ফ্যাবিও ফগনিনিকে ৬-১, ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫৮ ঘ.
bdnews24