ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় দিন বিরতি শেষে মঙ্গলবার থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেল ক্রীড়াচক্র। আবাহনী ১-০ গোলে ফেনী সকার ক্লাবকে, ব্রাদার্স ৩-১ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এবং শেখ রাসেল ৪-২ গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আবাহনীর একমাত্র গোলটি করেন ব্রাজিলীয় স্ট্রাইকার ডি সিলভা।
এই জয়ের সুবাদে মুক্তিযোদ্ধাকে সরিয়ে আবার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে আবাহনী। তাদের সংগ্রহ ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট। সমান ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ৪৩। ১৯ ম্যাচেই ১৯ পয়েন্ট নিয়ে সকার ক্লাব আছে সপ্তম স্থানে।
সকার ক্লাবের গিনির স্ট্রাইকার মোস্তফা কাবা লাল কার্ড পেয়েছেন এই ম্যাচে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্সের জয় নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। শেখ জামালের গোলরক্ষক অসীম কুমার দাস দাঁড়িয়ে-দাঁড়িয়ে শেষ দুই গোল খেয়ে অবনমনের শঙ্কায় থাকা প্রতিপক্ষের জয়কে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন।
তিন নাইজেরীয় ভিক্টরি অ্যান্থনি, স্যামুয়েল জানকাসা ও কিংসলে চিগোজির লক্ষ্যভেদে পাওয়া জয়ে ব্রাদার্সের দুশ্চিন্তা অবশ্য অনেকটাই দূর হয়েছে। ২১ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে সপ্তম স্থানে। ২৫ পয়েন্ট সংগ্রহ করা শেখ জামাল অনেকটাই নিরাপদে আছে। ষষ্ঠ স্থানে থাকা গত বারের চ্যাম্পিয়নদের একমাত্র গোলটি সোহেল রানার।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেলের পক্ষে নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকান দুটি এবং আনোয়ার হোসেন ও মোহাম্মদ ইউসুফ একটি করে গোল করেন।
ফরাশগঞ্জের দুটি গোলই কঙ্গোর স্ট্রাইকার সিও জুনাপিওর।
১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে চতুর্থ স্থানে। আর সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় ফরাশগঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৩ঘ.
bdnews24