২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে হারিয়ে ঊষার শুভ সূচনা

ক্লাব কাপ হকির ফাইনালে ঊষা ক্রীড়াচক্রের কাছে হারের প্রতিশোধ নিতে পারেনি আবাহনী। সোমবার প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী ম্যাচে উল্টো বড় ব্যবধানে হার মেনেছে গতবারের চ্যাম্পিয়নরা। ঊষা জিতেছে ৪-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লাব কাপ হকির ফাইনালে ঊষা ক্রীড়াচক্রের কাছে হারের প্রতিশোধ নিতে পারেনি আবাহনী। সোমবার প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী ম্যাচে উল্টো বড় ব্যবধানে হার মেনেছে গতবারের চ্যাম্পিয়নরা। ঊষা জিতেছে ৪-১ গোলে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঊষার জয়ের নায়ক পাকিস্তানী ডিফেন্ডার মোহাম্মদ আতিক। চার গোলের দুটোই এই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞর । অবশ্য বিজয়ীদের প্রথম গোলটি তরুণ মিডফিল্ডার মইনুল ইসলাম কৌশিকের, ১৭ মিনিটে ফিল্ড অ্যাটাক থেকে। ১০ মিনিট পর আবাহনীকে সমতায় ফেরান সাব্বির আহমেদ। প্রথমার্ধে আর গোল হয়নি। বিরতির পর উজ্জীবিত ঊষার সঙ্গে পেরে ওঠেনি আবাহনী। ৪৭ ও ৬৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুই গোল এবং দুটোরই গোলদাতা আতিক। আবাহনীর ম্যাচে ফেরার সম্ভাবনাও সেখানেই শেষ। ৬৫ মিনিটে মোহম্মদ ইমরানের লক্ষ্যভেদে নিশ্চিত হয় ঊষার জয়। আবাহনীকে হারিয়ে লিগ শুরু করতে পেরে দারুণ খুশি ঊষার পাকিস্তানি কোচ তাহির জামান। ম্যাচ শেষে তিনি বলেন, “আবাহনীর মতো শক্তিশালী দলকে হারানো খুবই কঠিন। ছেলেরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে বলেই কাজটি সহজ হয়েছে।” অন্যদিকে হেরে গিয়ে হতাশ আবাহনীর কোচ মাহবুব হারুন বলেন, “প্রথমার্ধে আমরা ভালো লড়াই করলেও দ্বিতীয়ার্ধে তা পারিনি। তাই হারতে হয়েছে। সেজন্য আমাদের রক্ষণভাগের কয়েকটি ভুলও দায়ী।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৪ঘ.