২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে সোমবার থেকে হকি লিগ

অনেক সমস্যা-জটিলতা কাটিয়ে অবশেষে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার হকি লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়াচক্র ও রানার্সআপ আবাহনী লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক সমস্যা-জটিলতা কাটিয়ে অবশেষে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার হকি লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়াচক্র ও রানার্সআপ আবাহনী লিমিটেড। ২০১০ সালের জুনে সর্বশেষ প্রিমিয়ার লিগ হয়েছিলো। ঊষার অনুপস্থিতিতে সেবার যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিলো আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এবারের লিগে ১১টি দল অংশ নেবে। দলগুলো হলো মোহামেডান, আবাহনী, ঊষা, মেরিনার ইয়াংস ক্লাব, আজাদ এসসি, পুলিশ এসি, ওয়ারী ক্লাব, সোনালী ব্যাংক, বাংলাদেশ এসসি, অ্যাজাক্স এসসি ও সাধারণ বীমা কেসি। সিঙ্গেল লিগ পদ্ধতির প্রথম পর্ব শেষে শীর্ষে থাকা ৫টি দল লড়াই করবে সুপার ফাইভে। সুপার ফাইভে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল শিরোপা জিতবে। ১৭ জুন থেকেই লিগ শুরু হওয়ার কথা ছিলো। তার আগের দিন সবগুলো দলকে লিগের সূচীও পাঠিয়ে দিয়েছিলো হকি ফেডারেশন। কিন্তু দুটি ক্লাব বিদেশী আম্পায়ারদের দিয়ে খেলা পরিচালনার দাবি জানালে ১৬ জুন রাতে হঠাৎই ফেডারেশন লিগ স্থগিত ঘোষণা করে। এর প্রতিবাদে আন্দোলনে নামে ঊষা। দ্রুত শুরু না করলে লিগ বর্জনের হুমকিও দেয় তারা। তারই পরিপ্রেক্ষিতে সোমবার থেকে লিগ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। লিগের খেলা পরিচালনার জন্য ভারত থেকে দুজন আম্পায়ার নিয়ে এসেছে ফেডারেশন। তারা হলেন অনিল কুমার ও সুনীল শর্মা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৮ঘ.