২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ হয়ে হাসপাতালে ইউসেবিও

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন পর্তুগালের ফুটবল-কিংবদন্তী ইউসেবিও। পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানিয়েছে এ কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন পর্তুগালের ফুটবল-কিংবদন্তী ইউসেবিও। পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানিয়েছে এ কথা। এক বিবৃতিতে এফপিএফ জানিয়েছে, “ওপালেনিকায় জাতীয় দলের সঙ্গে হোটেলে থাকার সময় পর্তুগালের ফুটবল-দূত ইউসেবিও অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তিনি লিসবনে তার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং তার পরামর্শে পোজনানের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার চিকিৎসা চলছে।” ১৯৬৬ বিশ্বকাপে ‘ব্ল্যাক প্যান্থার’ নামে পরিচিত ইউসেবিওর নৈপুণ্যে তৃতীয় হয়েছিলো পর্তুগাল। ফুটবলের সবচেয়ে বড় আসরে সেটাই পর্তুগিজদের সেরা সাফল্য। জানুয়ারিতে ৭০ বছর পূর্ণ করা ইউসেবিও গত ডিসেম্বর থেকে এ নিয়ে তিন বার হাসপাতালে ভর্তি হলেন। উচ্চ রক্তচাপের রোগী হওয়ায় চিকিৎসক তাকে নিয়মিত স্বাস্থ্য-পরীক্ষার মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পর্তুগালের কোয়ার্টার ফাইনালের আগে জাতীয় দলের সঙ্গে পোল্যান্ডে যান ইউসেবিও। পর্তুগালের আরেক সাবেক তারকা লুই ফিগোর সঙ্গে শুক্রবারের ম্যাচটি উপভোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৫৫ঘ.