ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইয়েমেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছেন বাংলাদেশের যুবকরা।
অর্থাৎ চারটি ম্যাচেই হেরে শূন্য হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। এর আগে নেপালের কাছে ৪-১, উজবেকিস্তানের কাছে ২-১ এবং জর্ডানের কাছে ৩-০ গোলে হার মেনেছিলো তারা।
রোববার ইয়াসির আল গাবরের হ্যাটট্রিকে সর্বনাশ হয়েছে বাংলাদেশের। বিজয়ীদের অন্য দুই গোলদাতা মোহাম্মদ আল সারোরো ও সাদ্দাম হোসেন। বাংলাদেশের সান্ত্বনাসূচক গোলটি স্ট্রাইকার সোহেল রানার।
ইয়াসির আল গাবর ও মোতাজ কাদিরের লাল কার্ড অবশ্য ইয়েমেনের জয়ের আনন্দে কিছুটা হলেও কালি ছিটিয়ে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৯ঘ.
bdnews24