ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ধরনের অঘটন না ঘটলে আগে ভাগেই বলে দেওয়া যায় ফ্রেঞ্চ ওপেনের পর উইম্বলডনেও সেমিফাইনালে দেখা হচ্ছে নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার।
শুক্রবার উইম্বলডন ট্রর্নামেন্টের ড্রয়ের পর একই অর্ধে থাকা এই দু’জনকে নিয়ে অনেকেই এরকম হিসেব কষতে শুরু করেছেন।
গত সাতটি গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার পাঁচটিতেই সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন টেনিসের এই দুই তারকা।
গত পাঁচবারের দেখায় পুরুষ র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করা জোকোভিচের চার জয়ের বিপরীতে মাত্র একবার জয়ের দেখা পেয়েছেন র্যাংকিংয়ে তিন নম্বরে থাকা ফেদেরার। দুই সপ্তাহ আগে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে জোকোভিচের কাছে হেরেই বিদায় নেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরার।
অন্য অর্ধে রেকর্ড সপ্তমবারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতা রাফায়েল নাদাল। তবে সেমিফাইনালে তার পথে এবারো কাঁটা হতে পারেন অ্যান্ডি মার। অবশ্য এর আগের দুই আসরেই জয় পেয়েছিলেন নাদাল।
অন্যদিকে আলাদা দুই অর্ধে থাকায় মেয়েদের এককে র্যাংকিং সেরা খেলোয়াড় মারিয়া শারাপোভা ও চারবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের ফাইনালের আগে দেখা হচ্ছে না।
আর যদি এই দুই তারকা ফাইনালে পৌঁছাতে সক্ষম হন তবে ফিরে আসবে ২০০৪ সালের উইম্বলডন ফাইনালের স্মৃতি। সেবার দুর্দান্ত প্রতাপে থাকা সেরেনাকে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে টেনিস বিশ্বকে অবাক করে দিয়েছিলেন শারাপোভা।
২৫ জুন শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা উইম্বলডন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএল/১৮৫৪ ঘ.
bdnews24