ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে প্রথম দল হিসেবে ইউরো ২০১২ এর সেমিফাইনালে পৌঁছে গেছে পর্তুগাল।
পোল্যান্ডের স্তাদিওন নারোদোউইতে প্রথম পাঁচ মিনিটের খেলা চেক প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে থাকলেও ধীরে ধীরে নিজেদের ফিরে পেতে শুরু করে পর্তুগাল। বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে উঠতে থাকে তারা।
পর্তুগালের আক্রমণের ধার যত বাড়তে থাকে তত রক্ষণাত্মক হয়ে পড়ে চেক প্রজাতন্ত্র। প্রথমার্ধের শেষ দশ মিনিটে রোনালদো-ন্যানি জুটির একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যাস্ত থাকতে হয় চেক রক্ষণকে।
প্রধমার্ধের ইনজুরি সময়ে গোলের সবচেয়ে সহজ সুযোগটি পান রোনালদো। কোয়েন্ত্রাও এর কাছ থেকে পাওয়া বল বক্সের মধ্যে দুর্দান্তভাবে নিজের নিয়েন্ত্রণে নিয়ে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন রোনালদো। কিন্তু দুর্ভাগ্য রিয়াল মাদ্রিদ তারকার। বল সাইডবারে লেগে মাঠের বাইরে চলে যায়।
বিরতির পর ফিরেও আক্রমণের ধার ধরে রাখে পর্তুগাল। ৪৯ মিনিটে ভাগ্যদেবী আবারো হতাশ করে রোনালদোকে। তার ফ্রি-কিকের বল চেক দেয়ালকে পরাস্ত করতে পারলেও সাইডবার তা আটকে দেয়।
৫৮ মিনিটে ন্যানির পাস থেকে বদলি খেলোয়াড় হুগো আলমেইদা চেক প্রজাতন্ত্রের জালে বল জড়াতে সক্ষম হলেও আফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
এভাবে পর্তুগালের একের পর এক আক্রমণ ব্যর্থ করতে দিতে থাকে চেক রক্ষণ। কখনোও বা বাধার প্রাচীর হয়ে দাঁড়ান চেক গোলরক্ষক পিয়েতর চেক।
তবে প্রতিপক্ষের অতিরক্ষণাত্মক কৌশলও শেষ পর্যন্ত রোনালদোকে আটকাতে পারেনি। ৭৯ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে আলভেসের আলতো শটের বল ধরেন মউটিনহো। গোলমুখ লক্ষ্য করে তার আড়াআড়ি শটের বলে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো।
এক গোল হজমের পর চেক প্রজাতন্ত্র আক্রমণে ওঠার চেষ্টা করলেও তাতে যথেষ্ট ধার ছিল না।
এই জয়ের মধ্য দিয়ে ১৯৯৬ সালের ইউরো কোয়ার্টার ফাইনালে হারের প্রতিশোধও নিল পর্তুগাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/জেকে/০৯০০ ঘ.
bdnews24