ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শূটিং প্রতিযোগিতায় দ্বিতীয় সোনা জিতেছেন সাবরিনা সুলতানা। বৃহস্পতিবার গুলশান শূটিং কমপ্লেক্সে ৫০ মিটার রাইফেল প্রোনে ৫৭৮ স্কোর করে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন এই অভিজ্ঞ শূটার।
এই ইভেন্টে রুপা জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের শারমিন শিল্পা ও ব্রোঞ্জ পদক পান নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার।
সাবরিনা এর আগে প্রতিযোগিতার প্রথম দিনে ৫০ মিটার থ্রি পজিশনেও সোনা জিতেছিলেন।
বৃহস্পতিবার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন সাভার সেনা শূটিং ক্লাবের ইকবাল হোসেন। আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের মহেন্দ্র কুমার সিং রুপা এবং সাভার সেনা শূটিং ক্লাবের রায়হানুল ইসলাম ব্রোঞ্জ পদক পান।
এছাড়া মহিলাদের ২৫ মিটার স্পোর্ট পিস্তলে ঢাকা রাইফেল ক্লাবের মিতি দেওয়ান ও স্কিট শূটিংয়ে চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরুদ্দিন সেলিম সোনা জিতেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২২ঘ.
bdnews24