ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পনা থাকলেও অর্থ সঙ্কটের কারণে অনেক কিছুই করা সম্ভব হয়ে ওঠে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষে। বাফুফের দুশ্চিন্তা এবার দূর হতে যাচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবলের উন্নয়ন ও ফান্ড সংগ্রহে বাফুফে কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে বাফুফের নব নির্বাচিত কমিটি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এই আশ্বাস দেন। সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত বাফুফে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বাফুফে কর্মকর্তারা ফুটবলের সমস্যাগুলো তুলে ধরেন। অর্থ সঙ্কটের কারণে অনেক প্রতিযোগিতা যেমন আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না, তেমনি উন্নয়নমূলক অনেক পরিকল্পনাও বাস্তবায়ন করা সম্ভব হয় না বলে তারা প্রধানমন্ত্রীকে জানান।
প্রধানমন্ত্রী বাফুফে কর্মকর্তাদের কথা শুনে ফুটবলের জন্য ফান্ড সংগ্রহে একটি প্রস্তাব দিয়েছেন। দেশের বড়-বড় স্পন্সর প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের নিয়ে একটি চা-চক্রের আয়োজনের প্রস্তাব দেন তিনি। যেখান থেকে একটি বড় অঙ্কের ফান্ড সংগ্রহ করা সম্ভব হবে।
আর এই ফান্ড ফিক্সড ডিপোজিট করে রাখলে তা থেকে প্রতি মাসে বড় অঙ্কের আয় হবে বাফুফের। যা দিয়ে সম্ভব হবে বাফুফের কার্যক্রমগুলো পরিচালনা করা।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, “এই ফান্ডের জন্য কমপক্ষে ৮০ থেকে ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরে রেখেছে বাফুফে। বৈঠকে উপস্থিত বাফুফের এক সহ-সভাপতি বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছেনও।”
স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে নিয়ে অচিরেই একটি চা-চক্রের আয়োজন করতে যাচ্ছে বাফুফে। তবে কখন তা হবে, তা অবশ্য ঠিক হয়নি।
ফান্ড সংগ্রহ ছাড়াও বাফুফে সহ-সভাপতি বাদল রায় জেলা ফুটবলের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। কারণ তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নতি হলে জাতীয় পর্যায়ে সাফল্য আসবে। প্রধানমন্ত্রীও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ফুটবলের উন্নয়নে বাফুফে কর্মকর্তারা একত্রিত হয়ে এবারই প্রথম প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন। এর আগে আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তারা। কিন্তু তাতে অর্থ সঙ্কট দূর করা সম্ভব হয়নি।
বাফুফের ২১ সদস্যের কমিটির ১৮ জন কর্মকর্তা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিদেশে থাকার কারণে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, সদস্য হারুনুর রশিদ ও শামসুল হক চৌধুরী এই বৈঠকে থাকতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭৫৮ঘ.
bdnews24