২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগিজ আক্রমণভাগের সঙ্গে চেক রক্ষণভাগের লড়াই

হার দিয়ে ইউরো-২০১২ শুরু করেছিলো দু দলই। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচ জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে চেক প্রজাতন্ত্র ও পর্তুগাল। বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনালে পর্তুগিজদের আক্রমণভাগের সঙ্গে চেকদের রক্ষণভাগের লড়াই-ই সবচেয়ে আকর্ষণীয় হওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার দিয়ে ইউরো-২০১২ শুরু করেছিলো দু দলই। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচ জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে চেক প্রজাতন্ত্র ও পর্তুগাল। বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনালে পর্তুগিজদের আক্রমণভাগের সঙ্গে চেকদের রক্ষণভাগের লড়াই-ই সবচেয়ে আকর্ষণীয় হওয়ার কথা। পর্তুগালের আক্রমণভাগের প্রধান অস্ত্র বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের ইউরোতে প্রথম দুই ম্যাচে তেমন সুবিধা করে উঠতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে গ্র“প পর্বের শেষ ম্যাচে দুই গোল করে দলকে শেষ আটে পৌঁছে দেয়ার কৃতিত্ব তারই। জাতীয় দলের হয়ে সর্বশেষ ১১ ম্যাচে ৯ গোল করা রোনালদোর আক্রমণভাগে সঙ্গী ন্যানি। এই দু জনকে আটকানোর দায়িত্ব থাকবে থিওডর জেব্রেসেলাসি ও ডেভিড লিম্বারস্কির ওপরে। চেক প্রজাতন্ত্রের জাতীয় দলে প্রথম কৃষ্ণাঙ্গ ফুটবলার জেব্রেসেলাসি। গত বছর থেকেই তিনি চেকদের অপরিহার্য খেলোয়াড়। এই রাইট ব্যাকের রোনালদোকে আটকানোর ওপরেই চেকদের সাফল্য নির্ভর করছে অনেকখানি। ইউরো-১৯৯৬তেও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলো এই দু দল। সেবার লুই ফিগো-রুই কস্তা-ভিতর বাইয়া-ফার্নান্দো কুটোদের ‘সোনালী প্রজন্মে’র পর্তুগালকে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হারিয়ে দিয়েছিলো চেক প্রজাতন্ত্র। ইউরো-২০০৮এ গ্র“প পর্বে পর্তুগাল ঐ হারের প্রতিশোধ নিয়েছিলো অবশ্য। কাগজে-কলমে চেকদের চেয়ে পর্তুগালকে এগিয়ে না রেখে উপায় নেই। তবে তা মানতে রাজি নন পর্তুগালের কোচ পাওলো বেন্তো। তিনি বলেন, “আমরা নিজেদের এগিয়ে রাখার দাবি করতে পারি না। কারণ ম্যাচটা সহজ হবে না। আমাদের দক্ষতা ও ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তাহলেই হয়তো আমরা সেমিফাইনালে পৌঁছাতে পারবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০১ঘ.