ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার ইউরো ২০১২’র ইংল্যান্ড ও ইউক্রেনের লড়াই আরো একবার ফুটবলে গোল-লাইন প্রযুক্তির গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। সেপ ব্ল্যাটারও এখন গোল-লাইন প্রযুক্তির পক্ষে। ফিফা সভাপতির মতে এটি ‘অপরিহার্য’ বিষয়ে পরিণত হয়েছে।
এক টুইটার বার্তায় ব্ল¬্যাটার লিখেছেন, “গত রাতের (মঙ্গলবার) ম্যাচের পর গোল-লাইন প্রযুক্তিকে আর বিকল্প বলা যাচ্ছে না। বরং এটি অপরিহার্য।”
গ্র“প পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ০-১ গোলে হেরে যাওয়ায় বিদায় নিশ্চিত হয়ে গেছে ইউক্রেনের। তবে স্ট্রাইকার মার্কো দেভিচের গোল বাতিল না হলে টুর্নামেন্টের সহ-আয়োজকদের হয়তো এভাবে বিদায় নিতে হতো না।
৬৩ মিনিটে দাভিচের শট অবিশ্বাস্যভাবে গোল-লাইনের ওপর থেকে ফিরিয়ে দেন ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার জন টেরি। রেফারি গোল না দিলেও টেলিভিশন রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে বল গোল-লাইন অতিক্রম করেছিলো।
ম্যাচ শেষে ইংল্যান্ড জানায় ঐ ঘটনা তাদের জন্য ছিল ‘সৌভাগ্যজনক’। আর রাগে ফুঁসতে-ফুঁসতে বেরিয়ে যান ইউক্রেনের কোচ ওলেগ ব্লোখিন ও তার দল।
৫ জুলাই আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) আনুষ্ঠানিকভাবে গোল-লাইন প্রযুক্তি ব্যবহারের আইন পাশ করতে পারে।
বল গোল-লাইন অতিক্রম করেছে কিনা তা জানার জন্য দুই ধরণের প্রযুক্তি ব্যবহার করতে পারে ফিফা।
একটি ক্রিকেট এবং টেনিসে ব্যবহৃত হক-আই। অন্যটি পরিচিত গোলরেফ নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২১ঘ.
bdnews24