২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে ইংল্যান্ড, হেরে গিয়েও সঙ্গী ফ্রান্স

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে ইতালির। আর ফ্রান্স খেলবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 03:42 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা ওয়েইন রুনির একমাত্র গোলে মঙ্গলবার ইউক্রেনকে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। আর গ্রুপের শেষ খেলায় সুইডেনের কাছে ২-০ গোলে হেরেও পয়েন্টে এগিয়ে থাকায় ইংল্যান্ডের সঙ্গী হয়েছে ফ্রান্স। এই গ্রুপে তিন খেলায় ইংল্যান্ডের পয়েন্ট ৭, ফ্রান্সের ৪। একটি জয় ও দুটি হারের পর ইউক্রেন ও সুইডেনের ফুটবলাররা বাড়ি ফিরছেন পয়েন্ট ৩ নিয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে ইতালির। ফ্রান্স খেলবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে। মঙ্গলবার ডনবাস অ্যারেনায় গ্রুপ পর্যায়ের শেষে ম্যাচে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যেত ইংল্যান্ডের। এ কারণেই হয়তো শুরুতে খানিকটা রক্ষণাত্মক কৌশল নিতে দেখা যায় ইংল্যান্ডের কোচ রয় হজসনকে। তবে সহআয়োজক ইউক্রেনের সামনে জয়ের বিকল্প ছিলো না। এ কারণে শুরু থেকেই আক্রমণে উঠে আসতে থাকে তারা। কিন্তু ইংল্যান্ডের জমাট রক্ষণভাগের সামনে গিয়ে থমকে যাচ্ছিল তাদের সব আক্রমণ। প্রথমার্ধে কোনো গোলও হয়নি। হাঁটুর চোটের কারণে এই ম্যাচে শুরু থেকে খেলতে পারেননি সুইডেনের বিপক্ষে ইউক্রেনের জয়ের নায়ক আন্দ্রেই শেভচেঙ্কো। বিরতির পর মাঠে নেমে তুলনামূলক আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ইংল্যান্ড। স্বাগতিকরা কিছু বুঝে ওঠার আগেই গোল করে বসেন ম্যানচেস্টার ইউনাইটেডেরও স্ট্রাইকার রুনি। স্টিভেন জেরার্ডের কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করে দিয়েছিলেন ইউক্রেনের খেলোয়াড়রা। ওই বল ধরে তা আবার জেরার্ডকে দেন ইংলিশ ডিফেন্ডার গ্লেন জনসন। অধিনায়কের শট থেকে বল উড়ে আসে বক্সের মধ্যে। ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রেই পিয়াতোভ লাফিয়ে বল ধরার চেষ্টা করলেও মাত্র ছয় গজ দূর থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন রুনি। গোল হজমের পর আরো মরিয়া হয়ে ওঠে ইউক্রেন। ৬২ মিনিটে সহজ একটি সুযোগ নষ্ট করেন মিলেভস্কি। তার সামনে ছিলেন শুধু ইংলিশ ডিফেন্ডার জোলেয়ন লেসকট। কিন্তু ইয়ারমোলেঙ্কোর ক্রস থেকে উড়ে আসা বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন তিনি। এর এক মিনিটের মাথায় দুর্ভাগ্যের শিকার হয় ইউক্রেন। স্ট্রাইকার মার্কো ডেভিচের শট দারুণ দক্ষতায় গোললাইনের ওপর থেকে ক্লিয়ার করেন জন টেরি। যদিও টিভি রিপ্লেতে দেখা যায়, বল গোললাইন অতিক্রম করেছে। গোলরক্ষক জো হার্ট ও লেসকটের দক্ষতায় আরো দুটি গোলের হাত থেকে বেঁচে যায় ইংল্যান্ড। শেষে ১০ মিনিটের খেলা চলে ইংল্যান্ডের অর্ধে। কিন্তু গোলের দেখা পেতে ব্যর্থ ইউক্রেনকে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়। অন্যদিকে অলিম্পিস কিয়েভে ফ্রান্সের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে নেমেছিল সুইডেন, প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ৫৪ মিনিটে জøাতান ইব্রাহিমোভিচ ও ইনজুরি সময়ে সেবাস্টিয়ান লারসন সুইডেনের হয়ে দুটি গোল করেন। শেষ আটে যেতে না পারলেও শেষ ম্যাচে জয়ের সান্ত¦না নিয়ে বাড়ি ফিরছে সুইডিশরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/জেকে/০৯৪০ ঘ.