ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিডেট ও টিম বিজেএমসি জিতলেও হেরে গেছে ব্রাদার্স ইউনিয়ন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ৩-০ গোলে জিতেছে রহমতগঞ্জ এমএফএসের বিপক্ষে। টাঙ্গাইল স্টেডিয়ামে বিজেএমসি ২-১ গোলে আরামবাগকে এবং ফেনী স্টেডিয়ামে সকার ক্লাব ১-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছে।
দুই গোল করে মোহামেডানের জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার এনদুকা উয়া। অন্য গোলটি তরুণ মিডফিল্ডার মোহাম্মদ রনির।
তৃতীয় মিনিটে উয়ার ক্রস থেকে প্লেসিং শটে রনি এগিয়ে দেন মোহামেডানকে।
৮৪ মিনিটে চমৎকার হেডে দ্বিতীয় গোল করেন উয়া। শেষ মুহূর্তে জাম্বিয়ান মিডফিল্ডার মুসুকামার পাস থেকে শেষ গোলটিও তার।
১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান চতুর্থ। ৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ আছে সবার নিচে।
আরামবাগের বিপক্ষে বিজেএমসির দুটো গোলই গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরার। ১৫ গোল নিয়ে বানগুরাই এখন গোলদাতার তালিকায় শীর্ষে। আরামবাগের একমাত্র গোলটি নাইজেরীয় স্ট্রাইকার উজুমেফান জোয়েলের।
১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে বিজেএমসি আছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আরামবাগের অবস্থান দশম।
ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে সকার ক্লাবের একমাত্র গোলটি ইকবাল হোসেনের। ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে সকার ক্লাব। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাদার্স নবম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৪ঘ.
bdnews24