২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে স্পেন ও ইতালি

শেষ ম্যাচের জয়ে ‘সি’ গ্রুপ থেকে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও সাবেক চ্যাম্পিয়ন ইতালি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 03:53 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ ম্যাচের জয়ে ‘সি’ গ্রুপ থেকে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও সাবেক চ্যাম্পিয়ন ইতালি। সোমবার জেসুস নাভাসের একমাত্র গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছে স্পেন। আর দুই অর্ধের দুই গোলে ইতালি হারিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে স্পেন ও ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ইতালি কোয়ার্টার ফাইনালে পা রাখলো। ৪ পয়েন্ট হাতে নিয়েও বিদায় নিতে হয়েছে ক্রোয়েশিয়াকে। আর তিন ম্যাচ হেরে একেবারেই খালি হাতে শেষ হয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ডের ইউরো অভিযান। কোয়ার্টার ফাইনালে স্পেন আর ইতালির প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। মঙ্গলবার ডি গ্রুপের খেলা শেষে জানা যাবে, তাদের সঙ্গে লড়বে কোন কোন দল। দানেস্কের পিজিই এরেনায় ক্রোয়েশিয়ার সামনেও শেষ আটে যাওয়ার সুযোগ ছিল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ফার্নান্দো তোরেসের বদলি হিসেবে নামা জেসুস নাভাসের ৮৮ মিনিটের গোলে তাদের সেই স্বপ্ন ভেঙ্গে যায়। শুরু থেকে রক্ষণকাজেই বেশি মনযোগ দিয়েছিল ক্রোয়েশিয়া। সুযোগ পেলে প্রতি আক্রমণেও যাচ্ছিল। কিন্তু স্পেনও সতর্ক থাকায় শেষ রক্ষা হয়নি। পোজানের মিজস্কি স্টেডিয়ামে শেষ আট পৌঁছাতে জয়ের বিকল্প ছিল না ১৯৬৮ সালের ইউরো চ্যাম্পিয়ন ইতালির সামনে। স্বপ্ন ধরে রাখতে ইতালির শুরুটাও ছিল দারুণ। কিন্তু প্রথম ৩০ মিনিট গোলপোস্ট সামলে রেখে ইতালিকে খানিকটা চিন্তায় ফেলে দেয় প্রথম দুই ম্যাচে সহজেই আত্মসমর্পণ করা রিপাবলিক অব আয়ারল্যান্ড। ৩৫ মিনিটে গোল করে ইতালিকে স্বস্তি এনে দেন অ্যান্তোনিও কাসানো। আর এগিয়ে যাওয়ার পর স্বাভাবিক ছন্দে খেলা শুরু করে ইতালি। দুই হলুদ কার্ড দেখে ৮৯ মিনিটে কিথ অ্যান্ড্রুজ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিপাবলিক অব আয়ারল্যান্ড। শেষ সুযোগে পরের মিনিটে গোল করে ইতালির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন মারিয়ো বালোতেলি¬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/০৯৫০ ঘ.