ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিতলেই আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেতো আবাহনী লিমিটেড। কিন্তু তাদের এগিয়ে যাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দু দলের লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
আবাহনীর হোঁচটে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র দারুণ লাভবান। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট সংগ্রহ করা আবাহনীর অবস্থান দ্বিতীয়। আবাহনীর সমান ১৮ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ আছে সপ্তম স্থানে।
আবাহনীর দুর্ভাগ্য, পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা। ৭৮ মিনিটে ঘানার স্ট্রাইকার থুয়াম ফ্রাঙ্কের পেনাল্টি ঠেকিয়ে দেন সুলতান আহমেদ শাকিল।
অবশ্য শুধু পেনাল্টি নয়, আবাহনীর আরো বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয়েছে শাকিলের দৃঢ়তায়। বিশেষ করে ৩২ মিনিটে মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতুর দুরূহ কোণ থেকে নেয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফরাশগঞ্জের গোলরক্ষক।
ফরাশগঞ্জও অবশ্য গোল পেতে পারতো। ৬০ মিনিটে একটি পাল্টা আক্রমণ থেকে নাইজেরীয় স্ট্রাইকার সিও জুনাপিওর শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দিতে বসেছিলেন আবাহনীর ডিফেন্ডার ওয়ালী ফয়সাল। সে যাত্রা কোনো রকমে বেঁচে যায় পেশাদার লিগের প্রথম তিন বারের চ্যাম্পিয়নরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২২ঘ.
bdnews24