ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ইউরো ২০১২ এর ‘মৃত্যুকূপ’ নামে পরিচিত গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে পৌঁছে গেছে জার্মানি। ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে তাদের সঙ্গী পর্তুগাল। বিদায় নিয়েছে ডেনমার্ক ও নেদারল্যান্ডস।
রোববার গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে পর্তুগাল ২-১ গোলে নেদারল্যান্ডসকে এবং জার্মানি একই ব্যবধানে ডেনমার্ককে হারিয়েছে।
কোয়ার্টার ফাইনালে গ্রিসের মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। পর্তুগাল খেলবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।
রোববারের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না পর্তুগালের। প্রথম দুই ম্যাচে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নেদারল্যান্ডসের সামনে ছিলো সম্মান বাঁচানোর লড়াই।
স্পোর্টকমপ্লেক্স মেটালিস্টে রাফায়েল ভন ডার ভার্টের ১১ মিনিটের গেলে শুরুতে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে বেশিক্ষণ তারা এই ব্যবধান ধরে রাখতে পারেনি। ২৮ মিনিটে জোয়াও পেরেইরার চমৎকার পাসে খেলায় সমতা ফেরান রোনালদো।
১৬ মিনিট পর বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার রোনালদো জয়সূচক গোলটি করেন। ফলে প্রথম ম্যাচে হেরে গেলেও টানা দুই জয়ে শেষ আটে পৌঁছে যায় পর্তুগাল।
আর বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডসকে এবারের ইউরো থেকে খালিহাতেই ফিরতে হয়।
পরে ডাচ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ভন ডার ভার্ট বলেন, “এই টুর্নামেন্টের নকআউট পর্বে খেলার মতো যথেষ্ঠ ভালো আমরা খেলতে পারিনি। প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরই আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। এখন আমরা আবার সবকিছু নতুন করে শুরু করতে চাই।”
এদিকে ভিভ অ্যারেনায় জাতীয় দলের হয়ে নিজের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন জার্মানির মিডফিল্ডার লুকাস পোডোলস্কি। ১৯ মিনিটে তার গোলেই এগিয়ে যায় জোয়াকিম লউ এর দল।
২৪ মিনিটে খেলায় সমতা ফেরান ডেনমার্কের স্ট্রাইকার ক্রোহন-ডেহলি। ৮০ মিনিটে ডিফেন্ডার লারস বেনডের জর্মানির জয় নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৮৪৪ ঘ.
bdnews24