২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের সহজ জয়

শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সহজেই জিতেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সহজেই জিতেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। শেষ পর্যন্ত সহজ জয় পেলেও গোলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে মোহামেডানকে। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে তরুণ মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগের চমৎকার ফ্রি কিক থেকে এগিয়ে যায় ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির (১-০)। দু মিনিট পরই বক্সের ভেতরে নাইজেরীয় স্ট্রাইকার ড্যামিয়েন চিজোবার হেড থেকে বল পেয়ে বাঁক খাওয়ানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার রজনীকান্ত বর্মণ (২-০)। ৫৭ মিনিটে শারহান আহমেদের ক্রস থেকে ক্যামেরুনের স্ট্রাইকার পাউলিনের ডান পায়ের শটে ব্যবধান কমায় সকার ক্লাব (২-১)। তবে ৬৯ মিনিটে চিজোবার থ্রু থেকে বদলি মোহাম্মদ রনির লক্ষ্যভেদে মোহামেডানের জয় নিশ্চিত হয়ে যায় (৩-১)। এই জয়ের সুবাদে ১৭ ম্যাচে মোহামেডানের ২৫ পয়েন্ট। সমান ম্যাচে সকার ক্লাবের সংগ্রহ ১৬ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ২-০ গোলে রহমতগঞ্জ এমএফএসকে হারিয়েছে। বিজয়ী দলের গোলদাতা দুই নাইজেরীয় স্ট্রাইকার উমুকরু গুডউইন ও এলিটা কিংসলে। এই হারে রহমতগঞ্জের অবনমন প্রায় নিশ্চিত। ১৭ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সবার নিচে। আরামবাগের পয়েন্ট ১৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৪ঘ.