ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে টটেনহাম হটস্পারের কোচ হ্যারি রেডন্যাপকে। প্রায় চার বছর ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দলটির দায়িত্বে ছিলেন তিনি।
টটেনহামের সভাপতি ড্যানিয়েল লেভি এক বিবৃতিতে জানান, “শুধু খেয়ালের বসে বোর্ড এবং আমি এই সিদ্ধান্ত নেইনি। তবে এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে হ্যারি (রেডন্যাপ) ক্লাবের জন্য যে সব দুর্দান্ত কাজ করেছেন তা ম্লান হয়ে যাবে। তার অর্জন ও অবদানের জন্য আমি তাকে ধন্যবাদ দিতে চাই।”
অন্যদিকে রেডন্যাপ বলেন, “টটেনহামের সঙ্গে কাটানো সময়টা আমি ভীষণ উপভোগ করেছি। নিজের অর্জন নিয়েও আমি গর্বিত। ক্লাব ছেড়ে যেতে খারাপ লাগছে। আমাকে সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ।”
২০০৮ সালে পোর্টসমাউথ ছেড়ে রেডন্যাপ যখন হোয়াইট হার্ট লেনে আসেন, তখন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবচেয়ে নিচে ছিলো টটেনহাম। সেই দলই গত মৌসুমে চতুর্থ হয়েছে তার অধীনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০১ঘ.
bdnews24