ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে কোচ শফিকুল ইসলাম মানিক মাঠে নেই। তবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের খেলায় তা মোটেও প্রভাব ফেলেনি। বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিজেএমসিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে আবার আবাহনী লিমিটেডের পাশে দাঁড়িয়েছে তারা। দুটি গোলই নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার।
১৮ ম্যাচ থেকে মুক্তিযোদ্ধার সংগ্রহ ৪০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্টও তা-ই। ১৭ ম্যাচে বিজেএমসির পয়েন্ট ২৭।
বৃহস্পতিবারের সাফল্যে গোলদাতাদের তালিকায়ও শীর্ষে উঠে গেলেন সানডে। ১৩ গোল করে নিয়ে আবাহনীর নাইজেরীয় স্ট্রাইকার লাকি পল ও বিজেএমসির গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৯ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। প্রতিপক্ষের ডি-বক্সের সামনে থেকে চার জন ডিফেন্ডারের ফাঁক দিয়ে বেরিয়ে, এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন সানডে (১-০)।
৬১ মিনিটেই অবশ্য মুক্তিযোদ্ধা এগিয়ে যেতে পারতো। কিন্তু সানডের ব্যাক পাস ধরে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।
৮০ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া সানডের চমৎকার শট জয় নিশ্চিত করে মুক্তিযোদ্ধার (২-০)।
এমিলি আরো কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় দুই গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মুক্তিযোদ্ধাকে।
তবু এই জয়ে দারুণ খুশি মুক্তিযোদ্ধার ভারপ্রাপ্ত কোচ মোহাম্মদ পনিরুজ্জামান পনির। ম্যাচ শেষে তিনি বলেন, “প্রথমার্ধে আমরা তেমন ভালো খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে ভালো খেলে গোল আদায় করে নিয়েছি। এমিলি কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে আরো বড় ব্যবধানে জিততে পারতাম।”
অন্যদিকে বিজেএমসির হতাশ কোচ জাকারিয়া বলেন, “প্রতিটি ম্যাচে ধারাবাহিকতা রক্ষা করা কঠিন। একটা ম্যাচ খারাপ যেতেই পারে। দুর্ভাগ্যজনকভাবে এই ম্যাচে আমরা খারাপ খেলেছি। তাই হারতে হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৭ঘ.
bdnews24