ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার পতাকা বহন করতে পারেন সদ্য ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মারিয়া শারোপাভা। রাশিয়ার টেনিস ফেডারেশনের প্রধান শামিল তার্পিশচেভ জানিয়েছেন এ কথা।
তবে রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মাতকো জানিয়েছেন, ব্যাপারটি এখনো নিশ্চিত নয়। রাশিয়ার অলিম্পিক কমিটি (আরওসি) আগামী মাসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
মাতকো বলেন, “মারিয়া (শারাপোভা) দুর্দান্ত অ্যাথলেট, (পতাকা বহনের জন্য) যোগ্য প্রার্থী। কিন্তু এই ভূমিকা পালনের জন্য আরো প্রার্থীদের মধ্যে সে একজন মাত্র।”
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন রাশিয়ায় খুবই সম্মানজনক ব্যাপার। সাধারণত জনপ্রিয়, বিশেষ করে পুরুষ অ্যাথলেটরা এই সুযোগ পেয়ে থাকেন।
চারটি গ্র্যান্ড স্লাম জিতলেও এখনো অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাননি শারাপোভা। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে তিনি বাছাই পর্ব পেরোতে পারেননি। আর ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে যেতে পারেননি কাঁধের চোটের কারণে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৩৩৩ঘ.
bdnews24