ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারিও গোমেজের জোড়া গোলে বুধবার ইউরো ২০১২ এর ‘মৃত্যুফাঁদ’ ‘বি’ গ্রুপের খেলায় নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে জার্মানি।
প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে হারায় টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না নেদারল্যান্ডসের সামনে। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার গোমেজের প্রথমার্ধের দুই গোল সেই কাজ কঠিন করে তুলল ডাচদের জন্য।
২৪ ও ৩৮ মিনিটে গোল দুটি করেন গোমেজ। টুর্নামেন্টে এ নিয়ে তিন গোল করলেন তিনি। তার দুই গোলেরই ভিত গড়ে দেন ক্লাব-সতীর্থ বাস্তিন শোয়েনস্টাইগার।
৭৩ মিনিটে রবিন ফন পার্সি এক গোল শোধ করে নেদাল্যান্ডসের আশা জাগিয়ে তুলেন। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়ে বার্ট ফন মারউকের শিষ্যরা। টানা দুই হারে নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই ফিঁকে হয়ে গেছে।
ম্যাচ শেষে মিডফিল্ডের সঙ্গে ডিফেন্ডারদের বোঝাপড়া ঠিক না হওয়াকেই হারের জন্য দায়ী করলেন নেদারল্যান্ডর কোচ।
“আমাদের রক্ষণভাগ মোটেও ভালো খেলেনি। চার ডিফেন্ডার আর দুই হোল্ডিং মিডফিল্ডারের বোঝাপড়া ছিল খুব হতাশাজনক।”
“কোনো পরিকল্পিত আক্রমণ থেকে জার্মানির গোল দুটি হয়নি। আমাদের দোষেই গোল দুটি হয়েছে। আমরা মধ্যমাঠ অনেক বড় করে রেখেছিলাম আর তারা খেলার জন্য অনেক বড় জায়গা পেয়েছে”, যোগ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে রাফায়েল ফন ডার ভার্ট ও ক্লাস-জ্যঁ হান্টলার বদলি হিসেবে নামার পর নেদারল্যান্ডসে আক্রমণাত্মক ফুটবল খেলে। ভাগ্যের একটু সহায়তা থাকলে অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়া যেত বলে মনে করেন মারউইক।
ম্যাচ শেষে জার্মানির জয়ের নায়ক গোমেজের প্রশংসায় পঞ্চমুখ ফিলিপ লাম। তিনি বলেন, “টুর্নামেন্ট এখনো শেষ হয়নি এবং মারিওর আরও অনেক কিছু দিতে বাকি।”
দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস প্রচণ্ড চাপ তৈরি করলেও রক্ষণভাগের দৃঢ়তায়ই জয় নিয়ে মাঠ ছাড়া গেছে বলে মনে করেন জেরোম বোয়াটেং। তিনি বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা খুব বেশি চাপ তৈরি করতে পারি নি। কিন্তু সৌভাগ্যবশত আমরা শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে পেরেছি।”
তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি আগের খেলায় পর্তুগালকে হারিয়েছিল ১-০ গোলে। আর নেদারল্যান্ডসের সূচনা হয়েছিল একই ব্যবধানে ডেনমার্কের কাছে হেরে।
শেষ ম্যাচে ডেনমার্কের সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত জার্মানদের। এমনকি হারলেও থাকছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ।
আর কোয়ার্টার ফাইনালে উঠতে ডাচদের শেষ ম্যাচে হারাতেই হবে পর্তুগালকে। এর পরেও অন্য ম্যাচে ডেনমার্কের হারের অপেক্ষায় থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১২০৪ ঘ.
bdnews24