২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াকেও আটকে দিল পোল্যান্ড

ইউরো চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের খেলায় মঙ্গলবার রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক পোল্যান্ড। এই ড্রয়ের ফলে গ্রুপের চার দলেরই কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন টিকে থাকল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 04:59 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরো ২০১২ এর ‘এ’ গ্রুপের খেলায় মঙ্গলবার রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক পোল্যান্ড। এই ড্রয়ের ফলে গ্রুপের চার দলেরই কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন টিকে থাকল। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে রাশিয়া। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চেক প্রজাতন্ত্র। ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের সহ-আয়োজক পোল্যান্ড তৃতীয় এবং ১ পয়েন্ট নিয়ে সাবেক চ্যাম্পিয়ন গ্রিস গ্রুপে চতুর্থ অবস্থানে রয়েছে। আগের ম্যাচেই চেক প্রজাতন্ত্রকে উড়িয়ে দেওয়া রাশিয়ার শুরুটা ভালোই ছিল মঙ্গলবার। ওয়ারশর নারোডোবি স্টেডিয়ামে শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে আন্দ্রে আরশাভিনের দল। ৩৭ মিনিটে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে রাশিয়াকে ১-০ গোলে এগিয়ে নেন এলান জাগোয়েভ। কাউন্টার অ্যাটাক থেকে দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে খেলায় সমতা ফেরান জ্যাকব বাজজিকোস্কি। শেষ ৩০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর রাশিয়া প্রচ- চাপ সৃষ্টি করে। তবে পোল্যান্ডের জমাট রক্ষণভাগ ভেঙে জয় পাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। এগিয়ে গিয়েও ড্র করার কারণ হিসাবে দলের পরিশ্রান্ত থাকার কথা বলেছেন রাশিয়া অধিনায়ক আরশাভিন। ম্যাচ শেষে তিনি বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা মাঠ অনেক বড় করে খেলেছি। এটা পোল্যান্ডের খেলোয়াড়দের কাউন্টার অ্যাটাকে যাওয়ার সুযোগ করে দেয়। আর এই সুযোগটাই নিয়েছে তারা।” “আমরা কিছুটা পরিশ্রান্ত ছিলাম। এ কারণে যতটা চাপে তাদের রাখতে চেয়েছিলাম, সেটা হয় নি,” যোগ করেন তিনি। অবশ্য রাশিয়ার কোচ অ্যাডভোকেট জয় না পাওয়ায় দায়ী করেছেন দলের রক্ষণভাগের খেলোয়াড়দের। কাউন্টার অ্যাটাক থেকে পোল্যান্ডের গোল শোধ করার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। ৫/৬ জন ডিফেন্ডারের বিপক্ষে খেলা কতোটা কঠিন এই প্রথম বুঝতে পেরেছেন বলে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লিওয়ানডোস্কি। “কোয়ার্টার ফাইনালে খেলাই আমাদের লক্ষ্য। দুই খেলায় ড্রয়ের পর তৃতীয় খেলাতে এখন আমাদের জিততেই হবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১০৪৪ ঘ.