ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো ২০১২’র স্পেন-ইতালি ও রাশিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগ তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির পরিচালনা পর্ষদ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে উয়েফা জানায়, “স্পেন-ইতালি ও রাশিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচ দুটোতে বর্ণবাদী আচরণের অভিযোগ পাওয়া গেছে। আজ (মঙ্গলবার) স্বাধীন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উয়েফা বিষয়টি নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।”
সংবাদ মাধ্যমের গুঞ্জন, রোববার স্পেনের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হন ইতালির কৃষ্ণাঙ্গ স্ট্রাইকার মারিও বালোতেল্লি¬।
চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার থিওডর জেব্রেসেলাসির অভিযোগ, রাশিয়ার বিপক্ষে ম্যাচে তাকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করা হয়েছিলো।
তবে ইতালি বা চেক প্রজাতন্ত্র এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ করেনি।
এবারের ইউরোতে শুরু থেকেই বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উয়েফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০১ঘ.
bdnews24