ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের হকি-মৌসুমে নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। অথচ সেই মোহামেডানকেই বিদায় করে ক্লাব কাপ হকির ফাইনালে উঠে গেছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আবাহনী জিতেছে টাইব্রেকারে, ৫-৪ গোলে।
নির্ধারিত সময় খেলা ৩-৩ গোলে অমীমাংসিত ছিলো।
বুধবার বেলা ৩টা থেকে শুরু হতে যাওয়া ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ ঊষা ক্রীড়াচক্র। দ্বিতীয় সেমিফাইনালে ঊষা ৯-২ গোলে উড়িয়ে দিয়েছে সোনালী ব্যাংককে।
মোহামেডানের বিপক্ষে দ্বাদশ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে এগিয়ে দেন পাকিস্তানী স্ট্রাইকার আলিম বিল্ল¬াহ।
২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়নের গোলে সমতা ফেরায় মোহামেডান। ৬০ মিনিটে শেখ মোহাম্মদ নান্নুর গোলে এগিয়েও যায় সাদা-কালো শিবির।
তবে ৬৪ ও ৬৫ মিনিটে আলিম ও আরেক পাকিস্তানী মোহাম্মদ মুদাসসরের লক্ষ্যভেদ আবার এগিয়ে দেয় আবাহনীকে ।
কিন্তু শেষ বাঁশির দুই মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে চয়নের দ্বিতীয় গোলে আবার সমতা ফিরলে টাইব্রেকারের নাটকীয়তার সামনে দাঁড়াতে হয় দুদলকে।
টাইব্রেকারে আবাহনীর আলিম, মুদাসসর, মুসা মিয়া, পুস্কর খিসা মিমো ও কাশিফ আলীর প্রত্যেকেই সফল। অন্যদিকে চয়ন, গুরপ্রীত সিং, গোলাম মোস্তফা মানিক ও টিঙ্কু তাজউদ্দিন গোল করলেও নান্নুর ব্যর্থতায় ফাইনালের দোরগোড়া থেকে বিদায়ের হতাশায় নীল মোহামেডান।
পরের ম্যাচে ঊষার হয়ে রাব্বী সালেহীন ও মোহাম্মদ ইমরান দুটি করে এবং এহসানউল্ল¬াহ খান, মোশাররফ হোসেন কুটি, শহীদুল্ল¬াহ টিটু, খোরশেদুর রহমান ও দ্বীন ইসলাম একটি করে গোল করেন।
সোনালী ব্যাংকের দুই গোলদাতা মোহাম্মদ ইমরান ও শাহজাদ নাসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৪ঘ.
bdnews24