ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও আন্দ্রে শেভচেঙ্কোর জোড়া গোলে সোমবার ইউরো ২০১২’র ডি গ্রুপের খেলায় সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক ইউক্রেন। ইউরোর চূড়ান্ত পর্বে এই প্রথম খেলছে সহ-আয়োজক ইউক্রেন।
কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে সতর্কতার সঙ্গেই প্রথমার্ধের খেলা শুরু করে দুই দল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝ মাঠ দখলের লড়াই তীব্র হয়ে উঠে। এ সময় দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করে। তবে গোলের দেখা পায়নি কোনো দলই।
দ্বিতীয়ার্ধে আরো উজ্জ্বল ইউক্রেন। শুরু থেকেই সুইডেনকে কোনঠাসা করে রাখে তারা। এরই মধ্যে খেলার ধারার বিপরীতে ৫২ মিনিটের মাথায় গোল করে সুইডেনকে এগিয়ে নেন তারকা স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিচ। যদিও ওই সময় ইউক্রেনের লেফট-ব্যাক ইয়েভেন সেলিন আঘাত পেয়ে মাটিতে শুয়ে ছিলেন। তারপরও খেলা চালিয়ে যায় সুইডেন এবং পুরো গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে গোলও করে।
সমতা ফেরাতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ৩ মিনিট পরেই ডান দিক থেকে ইয়ারমোলেঙ্কোর মাপা ক্রসের বলে দারুণ হেডে গোল করে পুরো গ্যালারির প্রাণ ফিরিয়ে আনেন শেভা।
৬ মিনিট পর গ্যালারির ৫৫ হাজার দর্শককে আনন্দের আরো উপলক্ষ্য এনে দেন শেভা। কোনেপ্লানকায়াসের কর্নার থেকে গোল করে ইউক্রেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে উঠে সুইডেন। শেষ ৩০ মিনিটে ইউক্রেনের রক্ষণভাগের ওপর প্রচন্ড চাপ তৈরি করে তারা। তবে ইউক্রেনের রক্ষণভাগে ভাঙ্গন ধরাতে ব্যর্থ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১০০৩ ঘ.
bdnews24