ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন উসাইন বোল্ট। তবে বিশ্বের দ্রুততম মানবের সৌভাগ্য, দুর্ঘটনায় তার গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও তিনি আহত হননি।
বোল্টের এজেন্ট ক্যারল বেকফোর্ড বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “রোববার ভোর ৫টার দিকে দুর্ঘটনার শিকার হয়েছেন বোল্ট। তবে তিনি কোনো আঘাত পাননি।”
চার বছর আগে বেইজিং অলিম্পিকে তিনটি বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে নেয়া বোল্ট তখন নিজের বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। জ্যামাইকার গতি-তারকা এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৩ঘ.
bdnews24