ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো ২০১২’র ডি গ্র“পের খেলায় সোমবার ১-১ গোলে ড্র করেছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড।
চোট আর কার্ড সমস্যায় ডনবাস এরেনায় পুর্ণ শক্তি নিয়ে নামতে পারেনি ইংল্যান্ড। তারপরও দারুণ ছন্দে থাকা ফ্রান্সের সঙ্গে প্রথমার্ধে সমানে সমানে লড়েছে রয় হজসনের ছেলেরা। প্রথম গোলটিও পায় তারাই।
ইংল্যান্ড অধিনায়ক স্টিফেন জেরার্ডের মাপা ক্রসটি খুঁজে পায় ম্যানচেস্টার সিটির সেন্টার-ব্যাক জুলিয়েন লেসকটকে। মার্কার দিয়ারাকে ফাঁকি দিয়ে লেসকটের দুর্দান্ত হেড থেকে এগিয়ে যায় ইংল্যান্ড। লেসকটের প্রথম আন্তর্জাতিক গোল ঠেকানোর কোনো সুযোগ ফ্রান্সের গোলরক্ষক লরিসের ছিল না।
গোল শোধ করতে অবশ্য বেশি দেরি করেনি দুই বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ফ্রাঙ্ক রিবেরির কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে নেয়া সমির নাসরির ‘ট্রেডমার্ক’ শট থেকে ৯ মিনিট পরেই খেলায় ১-১ সমতা ফেরায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে দুই দলই নিজেদের অর্ধে ভালো ফুটবল খেলেছে। কিন্তু আক্রমণে গেলেই খেই হারিয়ে ফেলেছে। ভুল পাসের কারণে এ সময় অনেক আক্রমণ শুরুইে ব্যর্থ হয়ে গেছে।
টানা ২১ ম্যাচ ধরে অপরাজিত ফ্রান্স ইউরোয় এসেছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে এভরা, নাসরি, করিম বেনজামা, রিবেরিরা একের একের পরিকল্পিত আক্রমণ করলেও ইংল্যান্ডের জমাট রক্ষণভাগে তা মোটেও চিড় ধরাতে পারেন নি।
লরেন্তা ব্লাঁর শিষ্যদের আক্রমণ কেবল প্রতিহত করে গেছে ইংল্যান্ডের খেলেয়াড়রা ব্যাপারটি তেমন নয়। দ্বিতীয়ার্ধে ফ্রান্সের সুস্পষ্ট প্রাধান্যের মধ্যেও মাধমাঠে আলগা বল পেয়ে দুয়েকবার গোল করার মতো পরিস্থিতিও তৈরি করেছে ইংল্যান্ড।
তবে শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএ/২৩৫০ ঘ.
bdnews24