ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু দফা বৃষ্টির কারণে রোববার মাঝ পথেই থেমে গেছে ফ্রেঞ্চ ওপেনের শিরোপার লড়াই। বাকি খেলা হবে সোমবার। ১৯৭৩ সালের পর এই প্রথম নির্ধারিত সময়ে প্রতিযোগিতাটির ফাইনাল খেলা সম্ভব হলো না। ফাইনালের লড়াইয়ে নোভাক জোকোভিচের বিপক্ষে ৬-৪, ৬-৩, ২-৬, ১-২ গেমে এগিয়ে আছেন রাফায়েল নাদাল।
জোকোভিচ ও নাদাল দু জনের সামনেই ইতিহাস গড়ার সুযোগ। যদি জোকোভিচ জেতেন তবে ৪৩ বছরের মধ্যে তিনি হবেন প্রথম খেলোয়াড় যিনি টানা চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন।
ক্লে-কোর্টের রাজা নাদালের সামনে রেকর্ড সপ্তমবারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের হাতছানি। গত বছর ষষ্ঠবারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে টেনিসের আরেক কিংবদন্তী বিওন বোর্গের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন নাদাল।
কে শেষ পর্যন্ত ইতিহাস গড়তে সক্ষম হবেন? বৃষ্টির কারণে টেনিস ভক্তদের সেটা জানার জন্য একদিন বেশি অপেক্ষা করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৩৩৩ ঘ.
bdnews24