ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুবার পিছিয়ে পড়েও লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে শনিবার প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অবশ্য মেসির জোড়া গোলে প্রথমার্থে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
এ বছর বার্সেলোনার মেসির ফর্মেই জাতীয় দলে দেখা যাচ্ছে আর্জেন্টিনা অধিনায়ককে। চলতি বছর দেশের হয়ে খেলা তিন ম্যাচের দুটোতেই করলেন হ্যাটট্রিক। নিজে গোল করে আর করিয়ে দলকে বিশ্বকাপ বাছাই পর্বেও নিয়ে এসেছেন শীর্ষে।
গত ২৯ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন তিনি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজার দর্শকের সামনে লন্ডন অলিম্পকের জন্য প্রস্তুতি নেয়া ব্রাজিল দলের শুরুটা ছিল দারুণ। আর্জেন্টিনার অফসাইড ফাঁদ এড়িয়ে দ্রুত নেয়া ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করে প্রথমার্ধের ২৩ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন রোমলো।
গোল হজম করার পর যেন জেগে উঠে আর্জেন্টিনা। ৮ মিনিট পরেই মেসির গোলে খেলায় সমতা ফেরায় তারা। ব্রাজিল অধিনায়ক সান্দ্রোর কাছ থেকে বল কেড়ে নিয়ে মেসিকে সহজ গোলের পথ করে দেন আরেক স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন।
৩ মিনিট পরেই দলকে এগিয়ে নেন মেসি। এই গোলের উৎস অ্যাঞ্জেল ডি মারিয়া। তার কাছ থেকে বল পেয়ে ব্রাজিলের গোলরক্ষক রাফায়েল কাব্রালকে পরাস্ত করতে কোনো ভুল করেননি মেসি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলার ধাঁচ পাল্টে ফেলে ব্রাজিল। সুফল পেতেও বেশি দেরি হয় নি। ৫৬ মিনিটের মাথায় গোল করে খেলায় ২-২ সমতা ফেরান অস্কার। এর পর ৭২ মিনিটে আর্জেন্টিনা গোলরক্ষক সার্জিও রোমেরোর হাত থেকে বল ফস্কে গেলে গোলের সহজ সুযোগ পেয়ে যান হাল্ক। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেন তিনি। ব্রাজিল এগিয়ে যায় ৩-২ গোলে।
পিছিয়ে পড়ে আবার যেন জেগে উঠে আর্জেন্টিনা। সমতা ফেরাতেও বেশি দেরি হয়নি। চার মিনিট পরেই কর্নার থেকে হেড করে গোল করে খেলায় সমতা ফেরান ফেডারিকো ফার্নান্দেজ।
খেলার সেরা গোলটি যেন মেসি রেখে দিয়েছিলেন নিজের হ্যাটিট্রিক পূরণের জন্য। ৮৪ মিনিটে তার পেনাল্টি এরিয়ার বাইরে থেকে ‘ট্রেডমার্ক’ গোল দিয়ে বুঝিয়ে দেন জাতীয় দলে বার্সেলোনার ফর্মের অনুবাদ করতে এখন আর কোনো সমস্যা হচ্ছে না তার। ৪-৩ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
অতিরিক্ত সময়ে বিবাদে জড়িয়ে ব্রাজিলের মার্সেলো ও আর্জেন্টিনার ইজিকুয়েল লাভেজ্জি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০১৮ ঘ.
bdnews24