ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ২-২ গোলে ড্র করেছে বিজেএমসির সঙ্গে। দিনের অন্য দ্ইু ম্যাচে ফেনী সকার ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ জিতেছে।
মোহামেডান-বিজেএমসি
টাঙ্গাইল স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে বিজেএমসিকে এগিয়ে দেন গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা।
৫৮ মিনিটে মোহামেডানকে সমতায় ফেরান বেনিনের মিডফিল্ডার ওকালাউন। ৬৬ মিনিটে আবার বিজেএমসিকে এগিয়ে দেন বানগুরা। তবে ১০ মিনিট পর মোহামেডান আবার সমতায় ফেরে ওকালাউনের লক্ষ্যভেদে।
১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান তৃতীয়। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে ষষ্ঠ স্থানে।
ফেনী সকার-রহমতগঞ্জ
ঘরের মাঠ ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে নাইজেরীয় স্ট্রাইকার রোল্যান্ডের হ্যাটট্রিকের সুবাদে সকার ক্লাব ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে। এই ম্যাচে লাল কার্ড দেখেছেন সকার ক্লাবের গিনির মিডফিল্ডার মোস্তফা কাবা এবং রহমগঞ্জের নাইজেরীয় স্ট্রাইকার ফ্রান্সিস।
হেরে যাওয়ায় রেলিগেশনের শঙ্কা আরো জেঁকে ধরলো রহমতগঞ্জকে। ১৬ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট সংগ্রহ করা পুরনো ঢাকার দলটির অবস্থান সবার নিচে। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সকার ক্লাব আছে অষ্টম স্থানে।
ফরাশগঞ্জ-আরামবাগ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ২-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।
বিজয়ী দলের গোল দুটি দুই নাইজেরীয় স্ট্রাইকার এলিটা কিংসলে ও উজুমেফান জোয়েলের।
১৬ ম্যাচে আরামবাগের সংগ্রহ ১৩ পয়েন্ট। ফরাশগঞ্জের পয়েন্ট ১৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৪ঘ.
bdnews24