ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো ২০১২’র উদ্বোধনী ম্যাচেই দেখা গেছে টানটান উত্তেজনা আর আক্রমণ-প্রতিআক্রমণের শৈল্পিক ফুটবল। দশ জনের দল নেয়া স্বাগতিক পোল্যান্ড ও সাবেক চ্যাম্পিয়ন গ্রিসের খেলা শেষ হয়েছে ১-১ সমতায়। গ্রিসের জর্জিয়স জর্জিয়স গারাগৌনিস পেনাল্টি মিস না করলে খেলার ফলাফল অন্যরকমও হতে পারতো।
ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে ১৭ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রবার্ট লিওয়ানডোস্কি। এতে অবশ্য তার চেয়েও বেশি অবদান জ্যাকব ব্লাসজজিকস্কির। বুরুশিয়া ডর্টমুন্ডের এই সতীর্থ সুযোগটা তৈরি করে দেন লিওয়াডোস্কিকে। তার মাপা ক্রস থেকে গোল করতে কোনো ভুল করেননি লিওয়ানডোস্কি।
প্রায় ৫৯ হাজার দর্শক শুরু থেকেই নেচে-গেয়ে উৎসাহ দিয়ে গেছেন স্বাগতিকদের।
প্রথমার্ধে ৩৪ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন লিওয়ানডোস্কি। ১০ মিনিট পরে আবারো হলুদ কার্ড দেখেন তিনি। তার বিদায়ে বেশ চাপে পড়ে যায় সাবেক চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ৪৬ মিনিটে সতিরিস নিনিসের বদলি হিসেবে নামা দিমিত্রিস সালপিনগিদিস মাঠে নামার পর খেলার ধরন পাল্টে ফেলে গ্রিস। সুফল পেতে বেশি দেরি হয়নি। ৫১ মিনিটে পুরো গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে ১-১ সমতা ফেরান সালপিনগিদিস।
প্রথমার্ধে বাজে ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে নিজেদের অনেকটাই খুঁজে পায় সাবেক চ্যাম্পিয়নরা। শৃঙ্খলা ফিরে পাওয়ার পর এক জন কম নিয়ে খেলেও স্বাগতিকদের উপর প্রচণ্ড চাপ তৈরি করে দলটি।
পোল্যান্ডের বিপদ আরো বাড়িয়ে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওজচিচ জজেসনিঅ ১০ জনের দল নিয়ে আরো চাপে পড়ে স্বাগতিকরা। এসময়ই মাচিয়েস রাইবাসের বদলি হিসেবে নেমে প্রথম মিনিটেই শক্ত পরীক্ষায় পড়েন পোলান্ডের গোলরক্ষক পিজেমিস্ল টাইটন। জর্জিয়স গারাগৌনিসের নেয়া পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে দলকে বড় বিপদ থেকে বাঁচান পিএসভির এই গোলরক্ষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫০ ঘ.
bdnews24