ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইম্বলডনে হারের প্রতিশোধ ফ্রেঞ্চ ওপেনে নিলেন মারিয়া শারাপোভা। বৃহস্পতিবারের সেমিফাইনালে উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাকে ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন রাশিয়ার এই টেনিস তারকা। শনিবারের ফাইনালে তার প্রতিপক্ষ সারা ইরানী।
গত বছর শারাপোভাকে হারিয়েই নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন কেভিতোভা।
অন্য তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেও এর আগে কখনোই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠতে পারেননি মেয়েদের র্যাংকিংয়ের দুই নম্বর খেলোয়াড় শারাপোভা। শনিবারের ফাইনালে জিততে পারলে শিরোপার পাশাপাশি ভিক্টোরিয়া আজারেঙ্কাকে সরিয়ে আবারো র্যাংকিংয়ে শীর্ষে উঠে যাবেন এই রুশ সুন্দরী।
এদিন প্রথম সেমিফাইনালে ইরানী ৭-৫, ১-৬, ৬-৩ গেমে হারান ইউএস ওপেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে। এই প্রথম কোনো একক গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ইতালির টেনিস তারকা ইরানী।
নিজের প্রথম ১৭টি গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডের বাধা অতিক্রম করতে ব্যর্থ হওয়া ইরানী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন।
মূলত দ্বৈতের খেলোয়াড় ইরানী রবার্তা ভিঞ্চির সঙ্গে জুটি বেঁধে মেয়েদের দ্বৈতের ফাইনালেও খেলবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১৪০ ঘ.
bdnews24