২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে নাদাল ও শারাপোভা

অধরা ফ্রেঞ্চ ওপেন শিরোপার দিকে দুর্দান্ত গতিতে ছুটে চলেছেন মারিয়া শারাপোভা। পুরুষ এককে ছয়বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালও শিরোপা ধরে রাখার পথে ঠিকঠাক মতই এগোচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধরা ফ্রেঞ্চ ওপেন শিরোপার দিকে দুর্দান্ত গতিতে ছুটে চলেছেন মারিয়া শারাপোভা। পুরুষ এককে ছয়বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালও শিরোপা ধরে রাখার পথে ঠিকঠাক মতই এগোচ্ছেন। বুধবারের কোয়ার্টার ফাইনালে র‌্যাংকিংয়ের দুই নম্বর খেলোয়াড় নাদাল সরাসরি ৭-৬, ৬-২, ৬-৩ গেমে হারান নিকলাস আলমাগ্রোকে। রোলাঁ গারোঁ তে এটি নাদালের ৫০তম জয়। মেয়েদের এককে প্রথম কোয়ার্টার ফাইনালে ১ ঘন্টা ১৪ মিনিটের লড়াইয়ে এস্তোনিয়ার কাইয়া কানেপিকে ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে দেন মেয়েদের র‌্যাংকিংয়ের দুই নম্বর খেলোয়াড় শারাপোভা। এর আগে কখনোই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলতে পারেননি এই রুশ সুন্দরী। ২০০৭ সালে ও গত বছর সেমিফাইনালে খেলেছিলেন তিনি। যদি এবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠতে পারেন তবে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে সরিয়ে আবারো র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবেন তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক শারাপোভা। তবে এজন্য সেমিফাইনালে উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাকে হারাতে হবে। শারাপোভাকে হারিয়েই গত বছর উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন কেভিতোভা। প্রতিপক্ষ সম্পর্কে শারাপোভা বলেন,“ সে (পেত্রা কেভিতোভা) খুবই শক্ত প্রতিপক্ষ। যখন সে আত্মবিশ্বাসী থাকে এবং ভালো খেলে তখন সে খুবই ভয়ঙ্কর। খেলাটা তখন অন্য পর্যায়ে চলে যায়। আশাকরি আমিও নিজের খেলার উন্নতি করতে পারব।” চতুর্থ রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন চীনের লি নাকে বিদায় করে দেয়া কাজাখস্তানের ইয়ারোসলাভা শভেদোভাকে ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন চতুর্থ বাছাই কেভিতোভা। এই প্রথম প্রতিযোগিতাটির সেমিফাইনালে উঠলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২৫৭ ঘ.