ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থেকেই ইউরো-২০১২ খেলতে নামবে ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। বুধবার প্রকাশিত র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
এক ধাপ অবনমন হওয়া জার্মানির অবস্থান তৃতীয়। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে।
চতুর্থ স্থান ধরে রেখেছে বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস। প্রীতি ম্যাচে ভালো করায় এক ধাপ করে উঠে আসা ব্রাজিল, ইংল্যান্ড ও আর্জেন্টিনার অবস্থান যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম। এছাড়া অষ্টম স্থান ধরে রেখেছে ক্রোয়েশিয়া। আর এক ধাপ এগিয়ে ডেনমার্ক আছে ৯ নম্বরে।
তবে ইউরোর তিনটি প্রস্তুতি ম্যাচের কোনোটিতেই জিততে না পারার মাশুল দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল পঞ্চম থেকে দশম স্থানে নেমে গেছে।
ভারতীয় উপমহাদেশের দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে নেপাল (১৪৯তম)। র্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশের অবস্থান ১৫২তম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩০৫ঘ.
bdnews24