ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসির চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়ক দিদিয়ের দ্রগবাকে পেতে আগ্রহী ডিয়েগো ম্যারাডোনার দল আল ওয়াসল। যদিও আইভরি কোস্টের তারকা স্ট্রাইকারকে পাওয়ার ব্যাপারে তেমন আশাবাদী নন দলটির সভাপতি মারওয়ান বিন বায়াত।
দ্রগবাকে নিয়ে আসা সম্পর্কে বুধবার তিনি বলেন, “আমরা তাকে (দ্রগবাকে) পেতে অবশ্যই খুবই আগ্রহী। তবে তিনি হয়তো চীনে যেতেই আগ্রহী।”
চেলসি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার কয়েক দিন পরই দল ছাড়ার ঘোষণা দেন দ্রগবা। তার ব্যাপারে চীনের সাংহাই শেনহুয়া ক্লাবও আগ্রহী।
সম্প্রতি আর্জেন্টিনার সাবেক কোচ সার্জিও বাতিস্তা ক্লাবটির দায়িত্ব নিয়েছেন। দ্রগবার সাবেক সতীর্থ নিকোলাস আনেলকাও খেলেন শেনহুয়ায়।
দ্রগবাকে দলে নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও তাকে কি পরিমাণ অর্থ দেয়া হবে সে সম্পর্কে কিছু জানাননি বিন বায়াত। তবে তিনি নিশ্চিত করেছেন সেটা শিনহুয়ার দেয়া প্রস্তাবের চেয়ে কমই হবে। সেজন্যই দ্রগবাকে পাওয়ার ব্যাপারে তেমন আশাবাদী নন তারা।
গত বছর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা কোচ হওয়ার পর থেকেই ফুটবল-দুনিয়ার অন্যতম আলোচিত দল দুবাইয়ের আল ওয়াসল। যদিও এবারের আরব আমিরাত ফুটবল লিগে ১২টি দলের মধ্যে অষ্টম হয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৫১ঘ.
bdnews24