ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাকাব্যিক লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। মঙ্গলবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে প্রায় হারতে হারতে ম্যাচ জেতেন টেনিসের এই দুই মহাতারকা। সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবেন ফেদেরার ও জোকোভিচ।
ফ্রেঞ্চ ওপেনের ক্লে-কোর্ট তারকা খেলোয়াড়দের জন্য যেন দিনে দিনে দুর্বোধ্য হয়ে উঠছে। কোয়ার্টার ফাইনালের আগেই ঝরে পড়েছেন অনেক টেনিস তারকা। টেনিস ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফ্রেঞ্চ ওপেনে খেলতে নামা জোকোভিচও মঙ্গলবার জো-উইলফ্রেড সোঙ্গার কাছে প্রায় হেরেই বসেছিলেন।
যদিও শুরুতে কিছুটা অস্বস্তিতে ভুগতে থাকা ফ্রান্সের সোঙ্গার বিপক্ষে ২৩ মিনিটে প্রথম সেট ৬-১ এ জিতে নেন জোকোভিচ। কিন্তু সোঙ্গা দ্বিতীয় ও তৃতীয় সেট ৭-৫, ৭-৫ এ জিতে নিয়ে হারের শঙ্কায় ফেলে দেন পুরুষদের র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করা জোকোভিচকে।
চতুর্থ সেটেও এগিয়ে ছিলেন সোঙ্গা। ওই সেট টাইব্রেকারে গড়ায়। সেখানেও ২-৩ গেমে পিছিয়ে গিয়েছিলেন জোকোভিচ। এরপর চারটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ওই সেট ৭-৬ এ জেতার পাশাপাশি ম্যাচেও সমতা ফেরান তিনি। পঞ্চম সেটে সোঙ্গাকে আর দাঁড়াতে দেননি জোকোভিচ। ৬-১ এ ওই সেট জিতে নেয়ার পাশাপশি ৬-১, ৫-৭, ৫-৭, ৭-৬, ৬-১ গেমে নিজের টানা ২৬তম গ্র্যান্ড স্লাম ম্যাচে জিতে যান সার্বিয়ার এই টেনিস তারকা।
অল্পের জন্য অঘটনের শিকার হওয়ার হাত থেকে বেঁচে গেছেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক রজার ফেদেরারও।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তোর কাছে প্রথম দুইটি সেট (৬-৩,৭-৬) হেরে গিয়েছিলেন ফেদেরার। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ান লড়াকু এই খেলোয়াড়। পরের তিন সেটে দেল পোর্তোকে দাঁড়াতেই দেননি তিনি। শেষ পর্যন্ত ৩-৬,৬-৭, ৬-২, ৬-০, ৬-৩ গেমে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে গেছেন র্যাংকিংয়ের তিন নম্বর খেলোয়াড় ফেদেরার।
এদিকে মেয়েদের এককের সেমিফাইনালে উঠে গেছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসার ও সারা ইরানী।
অস্ট্রেলিয়ার স্টোসার সহজেই ৬-৪, ৬-১ গেমে স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভাকে এবং ইতালির ইরানী ৬-৩,৭-৬ গেমে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবেরকে হারিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭০০ ঘ.
bdnews24